বিজেপির আইটি সেল নিয়ে ভিডিও, আট বছর পরে সমন ধ্রুব রাঠীকে

By Suman Debnath

October 15, 2026 9:48 AM

বিজেপির আইটি সেল নিয়ে ভিডিও, আট বছর পরে সমন ধ্রুব রাঠীকে

বিজেপির আইটি সেলকে নিয়ে তৈরি ইউটিউব ভিডিও ঘিরে মানহানির মামলায় ফের সমন জারি হল ইউটিউবার ধ্রুব রাঠীর বিরুদ্ধে। ২০১৮ সালে দায়ের হওয়া এই মামলায় গত ১২ অক্টোবর দিল্লির সাকেত আদালত নতুন করে সমন পাঠানোর নির্দেশ দিয়েছে। আগামী ১৭ অক্টোবর মামলার পরবর্তী শুনানি।

মামলাটি দায়ের করেছিলেন বিকাশ সাংকৃত্যায়ন ওরফে বিকাশ পাণ্ডে। তিনি ‘I Support Narendra Modi’ নামে একটি সমাজমাধ্যমের পেজের প্রতিষ্ঠাতা। ২০১৮ সালের মে মাসে ধ্রুব রাঠী ‘BJP IT Cell Part II’ শীর্ষক একটি ভিডিও প্রকাশ করেন। অভিযোগকারীর দাবি, সেই ভিডিওতে তাঁকে নিয়ে মানহানিকর বক্তব্য দেওয়া হয়েছিল।
ভিডিওতে বিজেপির আইটি সেলের কার্যকলাপ নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি বিকাশ পাণ্ডেকে ঘিরেও অভিযোগ করা হয়েছিল। ভিডিওতে দাবি করা হয়, মহাবীর প্রসাদ নামে এক ব্যক্তিকে ৫০ লক্ষ টাকা দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন তিনি। 

আরও পড়ুন:  কুডনকুল পরমাণু কেন্দ্রের নীল নকশা ফাঁস! সাইবার হানায় বেহাত ১৯ হাজার স্পর্শকাতর ফাইল

আদালতের নথি অনুযায়ী, ২০১৯ সালের ২৩ জুলাই প্রথম সমন জারির নির্দেশ দেওয়া হয়েছিল।অভিযোগকারী পক্ষের আইনজীবী সমক্ষ শর্মা আদালতকে জানান, ধ্রুব সাধারণত বিদেশে থাকেন। বর্তমানে তিনি ভারতে এবং গুরুগ্রামে রয়েছেন বলে অভিযোগকারী পক্ষের কাছে তথ্য রয়েছে। সেই কারণে দ্রুত সমন জারির আবেদন করা হয়।

বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট রাহুল জৈন গুরুগ্রামের ঠিকানায় নতুন করে সমন পাঠানোর নির্দেশ দিয়েছেন। সমন পৌঁছে দেওয়ার প্রক্রিয়ায় অভিযোগকারীকে সংশ্লিষ্ট কর্মীর সঙ্গে যাওয়ার অনুমতিও দেওয়া হয়েছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment