আগরতলা, ৩০ সেপ্টেম্বর: কাশীপুরে এক ব্যবসায়ীকে মারধর করে গুলি চালানোর পাশাপাশি স্বর্ণের চেইন ও নগদ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। মঙ্গলবার রাতে দোকানের কাজ সেরে বাড়ি ফেরার পথে কাশীপুর অরবিন্দ সংঘের কাছে এই ঘটনা ঘটে বলে অভিযোগ।
আহত ব্যবসায়ীর নাম অনুপ কুমার সিংহ। পরিবারের অভিযোগ, বাড়ি ফেরার পথে কয়েকজন দুষ্কৃতী তাঁকে পথ আটকে প্রথমে মারধর করে। এরপর সাইলেন্সার লাগানো আগ্নেয়াস্ত্র দিয়ে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হয়। তবে গুলি তাঁর মাথায় লাগেনি বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।
অভিযোগ, গুলির পর গুরুতর আহত অবস্থায় অনুপ কুমার সিংহ মাটিতে পড়ে গেলে তাঁর কাছ থেকে প্রায় আড়াই ভরি ওজনের একটি স্বর্ণের চেইন এবং নগদ ৫১ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায় অভিযুক্তরা। ঘটনার খবর পেয়ে অনুপ কুমার সিংহের ছেলে ঘটনাস্থলে পৌঁছে আহত বাবাকে উদ্ধার করে জিবি হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে।
এই ঘটনায় বুধবার অনুপ কুমার সিংহের পরিবারের পক্ষ থেকে বোধজংনগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগে ঝুটন ঘোষ ও বীরেন্দ্র মজুমদারের নাম উল্লেখ করা হয়েছে। পরিবারের দাবি, ঘটনার সঙ্গে জড়িত সকলকে দ্রুত চিহ্নিত করে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Leave a Comment