---Advertisement---

আধুনিক সভ্যতার যুগে রাস্তা নেই, কোলে করে রোগী, ধনপুরের মোহনভোগে চরম দুর্ভোগ!

By Suman Debnath

September 18, 2026 11:09 AM

আধুনিক সভ্যতার যুগে রাস্তা নেই, কোলে করে রোগী, ধনপুরের মোহনভোগে চরম দুর্ভোগ!

---Advertisement---

মোহনভোগ, ১৮ সেপ্টেম্বর: রাজ্যজুড়ে যখন উৎসবের আবহ, তখন ধনপুর বিধানসভা এলাকার মোহনভোগ ব্লকের একাংশে ভিন্ন ছবি। বেহাল রাস্তার কারণে অসুস্থ রোগীকে কোলে করে বাড়ি নিয়ে যেতে হচ্ছে পরিবারের সদস্যদের। এমনই এক হৃদয়বিদারক দৃশ্য ধরা পড়েছে ত্রিপুরা টিভির ক্যামেরায়

সংবাদ সূত্রে জানা যায়, মোহনভোগ ১ নম্বর ওয়ার্ডের ওই এলাকার রাস্তার দীর্ঘদিনের বেহাল দশায় চরম দুর্ভোগের শিকার হচ্ছেন স্থানীয় বাসিন্দারা। কাদামাটিতে ভরা ও চলাচলের অনুপযোগী রাস্তার কারণে শুধু অসুস্থ রোগীরাই নয়, স্কুল পড়ুয়া থেকে শুরু করে সাধারণ মানুষ প্রায় সকলকেই প্রতিদিন সমস্যার মুখে পড়তে হচ্ছে।

সম্প্রতি রাস্তার দুরবস্থার কারণে অসুস্থ বাবাকে কোলে করে বাড়িতে নিয়ে যেতে বাধ্য হন তাঁর ছেলে। এই দৃশ্য সামনে আসতেই এলাকার রাস্তা নিয়ে নতুন করে ক্ষোভ তৈরি হয়েছে। পরিবারের সদস্যদের অভিযোগ, জরুরি প্রয়োজনে রোগীকে হাসপাতালে নিয়ে যাওয়া তো দূরের কথা, অনেক সময় বাড়ি থেকে বের করাই কঠিন হয়ে পড়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে রাস্তার সমস্যায় ভুগছেন তাঁরা। ছেলে-মেয়েদের বিয়ে কিংবা অন্যান্য সামাজিক অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রেও সমস্যার সম্মুখীন হতে হয়। বর্ষাকালে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে বলে অভিযোগ তাঁদের।

এলাকাবাসীর দাবি, রাস্তা সংস্কারের বিষয়টি নিয়ে একাধিকবার প্রশাসনের কাছে জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধানের উদ্যোগ দেখা যায়নি। ফলে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সাধারণ মানুষকে।

স্থানীয়দের প্রশ্ন, উন্নয়ন ও জনস্বার্থ নিয়ে যখন একের পর এক প্রতিশ্রুতি ও বক্তব্য সামনে আসে, তখন প্রত্যন্ত এলাকার এই রাস্তাটির স্থায়ী সমাধান হবে কবে? অসুস্থ মানুষকে যদি রাস্তার কারণে কোলে করে বাড়ি নিয়ে যেতে হয়, তাহলে এই দুর্ভোগ আর কতদিন চলবে এই প্রশ্নই এখন এলাকাবাসীর। দ্রুত রাস্তা সংস্কার করে স্বাভাবিক যোগাযোগ ব্যবস্থা ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন মোহনভোগ ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment