উদয়পুর, ১৭ সেপ্টেম্বর: ঐতিহাসিক মা ত্রিপুরাসুন্দরী মন্দিরকে কেন্দ্র করে শুরু হয়েছে বার্ষিক দীপাবলি মেলার প্রস্তুতি। আগামী ৬ থেকে ৮ নভেম্বর তিন দিনব্যাপী এই ধর্মীয় ও সাংস্কৃতিক মেলা অনুষ্ঠিত হবে।
মেলাকে সামনে রেখে বৃহস্পতিবার গোমতী জেলাশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় প্রথম সমন্বয় বৈঠক। বৈঠকে সভাপতিত্ব করেন গোমতী জেলা পরিষদের সভাধিপতি দেবল দেব রায়। উপস্থিত ছিলেন বিধায়ক অভিষেক দেব রায়, গোমতী জেলার জেলাশাসক রিঙ্কু লাথার-সহ বিভিন্ন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।
বৈঠকে মেলা চলাকালীন নিরাপত্তা ও নজরদারি ব্যবস্থা জোরদারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। মেলা প্রাঙ্গণ ও মন্দির চত্বরে ড্রোন ক্যামেরার মাধ্যমে নজরদারি চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলিতে বসানো হবে সিসিটিভি ক্যামেরা।
ধর্মীয় আয়োজনের পাশাপাশি প্রতিদিন সন্ধ্যায় মেলা প্রাঙ্গণের মুক্তমঞ্চে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ত্রিপুরার শিল্পীদের পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীরাও অনুষ্ঠানে অংশ নেবেন বলে জানা গেছে।
মেলার যাবতীয় কাজ সুষ্ঠুভাবে পরিচালনার জন্য একটি কেন্দ্রীয় আয়োজক কমিটি ও ১৪টি উপ-কমিটি গঠন করা হয়েছে। কেন্দ্রীয় আয়োজক কমিটির নেতৃত্বে থাকবেন সভাধিপতি দেবল দেব রায়।
ইতিমধ্যেই ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা, পরিকাঠামো, পরিবহণ ও লজিস্টিক ব্যবস্থাপনা নিয়ে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। প্রতি বছর দীপাবলি উপলক্ষে মা ত্রিপুরাসুন্দরী মন্দিরে বিপুল সংখ্যক পুণ্যার্থী ও দর্শনার্থীর সমাগম হয়। এবারের মেলাকে কেন্দ্র করেও ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে।
Leave a Comment