৯/১১ হামলার ২৫ বছর পূর্তির দিন ওসামা বিন লাদেনের ছেলে হামজা বিন লাদেনের একটি ভিডিও সামনে আনল আল-কায়দা। বিশ্বজুড়ে জিহাদিদের ঐক্যবদ্ধ হওয়ার এবং আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার বার্তা দেওয়া হয়েছে এই ভিডিওটিতে। তিনি তাঁর বাবা ওসামা বিন লাদেনের মৃত্যুর বদলা নিতে এবং আমেরিকার বিরুদ্ধে প্রতিশোধ নিতে বিশ্বজুড়ে মুসলিমদের প্রতি আহ্বান জানিয়েছেন।
২০১৯ সাল থেকে হামজাকে নিয়ে নানা খবর সামনে এসেছে। বিভিন্ন রিপোর্ট যেমন দাবি করেছে, ২০১৯ সালে আমেরিকার সন্ত্রাসবিরোধী অভিযানে হামজার মৃত্যু হয়েছে, আবার কোনও কোনও রিপোর্টে বলা হয়েছে, হামজা বেঁচে আছে। তবে এত বছরে এই প্রথম হামজার ফুটেজ সামনে এল। আল-কায়দার সরকারি মিডিয়া উইং ‘আস-সাহাব’ ১১ সেপ্টেম্বর, ২০০১-এর হামলার ২৫ বছর পূর্তি উপলক্ষে ৫২ মিনিটের এই প্রচারমূলক ভিডিওটি প্রকাশ করেছে। ভিডিওটির নাম ‘এ কোয়ার্টার সেঞ্চুরি অব দ্য ১১ সেপ্টেম্বর রেইডস’। সেখানে হামজাকে একাধিকবার দেখা গিয়েছে। মাথায় সাদা পাগড়ি, পাশে রাখা অ্যাসল্ট রাইফেল। ভিডিওয় আল-কায়দার প্রাক্তন নেতা আয়মান আল-জাওয়াহিরির কিছু অপ্রকাশিত ছবিও রয়েছে।
ওসামা বিন লাদেনের মৃত্যুর পর থেকেই হামজাকে আল-কায়দার অন্যতম সম্ভাব্য উত্তরসূরি হিসেবে দেখা হচ্ছিল। ২০১১ সালের ২ মে পাকিস্তানের অ্যাবোটাবাদে মার্কিন কম্যান্ডো বাহিনীর অভিযানে নিহত হন ওসামা। তার এক দশক আগে, ২০০১ সালের ১১ সেপ্টেম্বর তাঁর নেতৃত্বাধীন আল-কায়দার হামলায় আমেরিকায় ধ্বংস হয়েছিল নিউ ইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জোড়া টাওয়ার-সহ একাধিক কেন্দ্র। হামলায় নিহত হন প্রায় ৩ হাজার মানুষ।
বাবার দেখানো পথেই হামজা এগিয়েছেন বলে দীর্ঘদিন ধরে অভিযোগ রয়েছে। ২০১৯ সালে আমেরিকা তাঁকে ‘সন্ত্রাসবাদী’ হিসেবে চিহ্নিত করেছিল এবং তাঁর মাথার দাম ঘোষণা করেছিল। পরে তাঁর মৃত্যু নিয়ে খবর ছড়ায়। কিন্তু এবার আল-কায়দার প্রচারমাধ্যমে হামজার ভিডিও প্রকাশ্যে আসায় সেই দাবির সত্যতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
Leave a Comment