আগরতলা। ২৬ আগস্ট:আগরতলা শহরের বিদুরকর্তা চৌমুহনী-কর্নেল চৌমুহনী রোডের এক কাপড়ের শোরুমে অগ্নিকাণ্ডের ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় বুধবার। জানা গেছে, শোরুমের বৈদ্যুতিক বক্সে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। ঘটনার খবর পেয়ে দ্রুত ছুটে আসে মহারাজগঞ্জ বাজার ফায়ার স্টেশনের একটি ইঞ্জিন। তবে ফায়ার সার্ভিসের কর্মীরা পৌঁছানোর আগেই শোরুমের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তবে বৈদ্যুতিক বক্সের আশপাশে থাকা কাঠের টুকরো, প্লাইউড এবং প্লাস্টিক সরঞ্জাম পড়ে যায়। ফলে বৈদ্যুতিক বক্সের পাশে এ ধরনের সামগ্রী রাখা কতটা নিরাপদ, তা নিয়ে প্রশ্ন উঠেছে।অভিযোগ রয়েছে, শোরুমের এই অংশে অগ্নি নিরাপত্তার পর্যাপ্ত ব্যবস্থা নেই। এমনকি বৈদ্যুতিক বক্সের আশপাশে নিরাপত্তার নির্দিষ্ট ব্যবস্থা বা অগ্নিনির্বাপণ সরঞ্জামও চোখে পড়েনি বলে জানা গেছে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। বৈদ্যুতিক ত্রুটির কারণেই আগুনের সূত্রপাত হয়েছে কি না, তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের পরই পরিষ্কার হবে। অল্পের জন্য বড় ধরনের বিপদ এড়ানো গেছে।
Leave a Comment