সরকারের মুখের প্রতিশ্রুতির উপর আর আস্থা রাখতে না পেরে নেশামুক্ত ত্রিপুরা গড়ার দাবিতে এবার সরাসরি ময়দানে নামলেন মাতৃশক্তিরা। রবিবার সকালে ধর্মনগর জেলা হাসপাতালের কাছাকাছি একটি কথিত অবৈধ দেশি মদের দোকানে অভিযান চালিয়ে ভাঙচুর করেন এলাকার প্রমিলা বাহিনীর সদস্যরা।
অভিযোগ, ধর্মনগর জেলা হাসপাতাল থেকে মাত্র প্রায় ৫০ মিটার দূরে দীর্ঘদিন ধরে ওই মদের দোকানটি চলছিল। রবিবার সকাল আনুমানিক ৯টা নাগাদ এলাকার মহিলারা একত্রিত হয়ে দোকানটিতে অভিযান চালান। তাঁদের দাবি, সেখানে মদসহ বিভিন্ন সামগ্রী দেখতে পাওয়া যায়।
এরপর ক্ষুব্ধ মহিলারা দোকান থেকে মদ ও অন্যান্য সামগ্রী বাইরে ফেলে দেন এবং দোকানটিতে ভাঙচুর চালান বলে অভিযোগ। মাতৃশক্তিদের দাবি, দীর্ঘদিন ধরে এই ধরনের মদের দোকানের কারণে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছিল।
স্থানীয়দের অভিযোগ, ছোট শিশু, ছাত্র-ছাত্রী থেকে শুরু করে বয়স্ক মহিলাদেরও ওই রাস্তা দিয়ে চলাচলে সমস্যায় পড়তে হতো। নিরাপত্তা ও সামাজিক পরিবেশের কথা চিন্তা করে অনেকেই ওই পথ এড়িয়ে চলতেন বলেও তাঁদের দাবি।
আরও অভিযোগ, যে দোকানটিতে ভাঙচুর চালানো হয়েছে, সেটিসহ আশপাশের কয়েকটি দোকান সরকারি জায়গা দখল করে গড়ে তোলা হয়েছিল। হাসপাতালের মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের এত কাছে কীভাবে এ ধরনের মদের দোকান চলছিল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
ঘটনার পর এলাকায় কিছু সময়ের জন্য উত্তেজনা তৈরি হলেও পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে। তবে দোকানটি অবৈধ ছিল কি না এবং সরকারি জমি দখলের অভিযোগের বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
Leave a Comment