কুড়িগ্রামের উলিপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার হয়েছেন স্টার টেলিভিশনের কুড়িগ্রাম জেলা প্রতিনিধি মোহাম্মদ জুবাইর। বুধবার (৬ আগস্ট) দুপুরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ ঘটনা ঘটে।
আহত সাংবাদিক জুবাইর জানান, পেশাগত দায়িত্বের অংশ হিসেবে তিনি অনুষ্ঠানস্থলে ভিডিও ও ছবি ধারণ করছিলেন। এ সময় বিএনপি ও ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী তাকে অডিটোরিয়ামের বাইরে নিয়ে যান। পরে মোটরসাইকেলে উঠতে বলা হলে তিনি রাজি না হওয়ায় তার ওপর হামলা চালানো হয় বলে অভিযোগ করেন তিনি।
জুবাইরের ভাষ্য, হামলায় তার মাথায় একাধিক আঘাত লাগে। পরে ঘটনাস্থলে থাকা পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।
তিনি বলেন, “আমি জুলাই গণঅভ্যুত্থান দিবসের অনুষ্ঠান কভার করছিলাম। হঠাৎ একজন আমাকে বাইরে ডেকে নেন। এরপর কয়েকজন মিলে আমার ওপর হামলা চালায়। তারা মাথা লক্ষ্য করে আঘাত করে। পরে পুলিশ এসে আমাকে উদ্ধার করে।”
হামলার কারণ সম্পর্কে জুবাইর বলেন, তিনি বিষয়টি নিশ্চিতভাবে জানেন না। তবে সংবাদ প্রকাশ বা পেশাগত দায়িত্ব পালনের কারণেই তার ওপর হামলা হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
ঘটনার সময় উপস্থিত উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী বলেন, “এটি অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনা। খবর পেয়ে আমরা এবং উলিপুর থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। অভিযোগে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “হামলার পর পুলিশ আহত সাংবাদিককে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। তিনি লিখিত অভিযোগ দিলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ঘটনার সময় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে কুড়িগ্রাম-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুল আলম সালেহী, উপজেলা নির্বাহী কর্মকর্তা, উলিপুর থানার ওসি, উপজেলা বিএনপির সদস্যসচিব হায়দার আলী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওবায়দুর রহমান বুলবুল, যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান বাচ্চু, পৌর বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, সদস্যসচিব সোলায়মান সরকারসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় সাংবাদিকদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিভিন্ন সাংবাদিক সংগঠন ঘটনার নিন্দা জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।
আমার বাঙলা/ রাব্বি
Leave a Comment