---Advertisement---

বাঘপত এফসিকে ৪-০ উড়িয়ে ডুরান্ড কাপে দাপুটে সূচনা মহমেডানের

By Suman Debnath

July 28, 2026 10:25 AM

বাঘপত এফসিকে ৪-০ উড়িয়ে ডুরান্ড কাপে দাপুটে সূচনা মহমেডানের

---Advertisement---


চলতি ডুরান্ড কাপে দুরন্ত সূচনা করল মহমেডান স্পোর্টিং। যুবভারতী ক্রীড়াঙ্গনে গ্রুপ বি-র ম্যাচে বাঘপত এফসিকে ৪-০ গোলে হারাল কলকাতার ঐতিহ্যবাহী ক্লাব। পরিবর্ত ফুটবলার লালরেমসাঙ্গা ফানাইয়ের জোড়া গোলের সঙ্গে একটি করে গোল করেন মহম্মদ ফারদিন আলি মোল্লা এবং ইসরাফিল দেওয়ান।

আইএসএলে অবনমনের পর নতুন করে ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে ডুরান্ডে নেমেছে মহমেডান। অন্যদিকে, ২০২৫-২৬ মরশুমে আই-লিগ ৩ জিতে আই-লিগ ২-এ ওঠা বাঘপত এফসি প্রথমবারের মতো ডুরান্ড কাপে অংশ নিচ্ছে।

এ দিন প্রথমার্ধে খেলার গতির বিরুদ্ধে গিয়েই ২৯ মিনিটে এগিয়ে যায় মহমেডান। ডান দিক দিয়ে লালনগাইহসাকা লালনুন্তলুয়াঙ্গা ও লালথাঙ্কিমার সুন্দর সমন্বয়ে তৈরি হওয়া আক্রমণ থেকে শেষ ছোঁয়া দেন মহম্মদ ফারদিন আলি মোল্লা। সেই গোলেই ১-০ ব্যবধানে এগিয়ে যায় সাদা-কালো ব্রিগেড।

গোলের পর থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নেয় মহমেডান। আরও কয়েকটি সুযোগ তৈরি করে তারা এবং ১-০ ব্যবধান নিয়েই বিরতিতে যায়।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আরও আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কলকাতার দল। ৬২ মিনিটে জোড়া পরিবর্তন করে ম্যাচে ফেরার চেষ্টা করে বাঘপত। কিন্তু ম্যাচের মোড় ঘুরিয়ে দেয় মহমেডানের পরিবর্ত ফুটবলাররাই।

৭৩ মিনিটে গোলদাতা ফারদিনের পরিবর্তে নামা লালরেমসাঙ্গা ফানাই ডান প্রান্তে প্রতিপক্ষের ভুল পাস কেড়ে নিয়ে ভেতরে ঢুকে বাঁ পায়ের নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করেন।

৮০ মিনিটে বাঘপতের গোলরক্ষকের বড় ভুলের সুযোগ কাজে লাগিয়ে ইসরাফিল দেওয়ান নিচু শটে বল জালে জড়ান। গোলরক্ষকের পায়ের ফাঁক গলে বল জালে ঢুকে পড়লে মহমেডান ৩-০ ব্যবধানে এগিয়ে যায়।

এর মাত্র চার মিনিট পর দ্রুত পাল্টা আক্রমণ থেকে নিজের দ্বিতীয় এবং দলের চতুর্থ গোলটি করেন ফানাই। গোলরক্ষক শুভদীপের লম্বা বল ধরে বাঘপতের রক্ষণ ভেঙে এগিয়ে গিয়ে গোলরক্ষককে কাটিয়ে সহজেই বল জালে পাঠান তিনি।

সারা ম্যাচে মহমেডান ২৪টি শট নেয়, যেখানে বাঘপতের শটের সংখ্যা ছিল মাত্র ১০। শুরু থেকে শেষ পর্যন্ত দাপট দেখিয়ে ৪-০ ব্যবধানে জিতে ডুরান্ড কাপ অভিযান দুর্দান্তভাবেই শুরু করল সাদা-কালো ব্রিগেড।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment