---Advertisement---

ট্রাম্পের সফরের আগেই গল্‌ফ কোর্সে অস্ত্র-সহ যুবক গ্রেপ্তার, ট্রাম্পের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ

By Suman Debnath

August 5, 2026 7:55 PM

ট্রাম্পের সফরের আগেই গল্‌ফ কোর্সে অস্ত্র-সহ যুবক গ্রেপ্তার, ট্রাম্পের নিরাপত্তা নিয়ে ফের উদ্বেগ

---Advertisement---


মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্যালিফোর্নিয়ার গল্‌ফ কোর্সে সফরের ঠিক আগে অস্ত্র ও গুলি-সহ ১ সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে ফের মার্কিন প্রেসিডেন্টের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগের সৃষ্টি হয়েছে। তদন্তকারীরা খতিয়ে দেখছেন, ট্রাম্পের উপর হামলার কোনওরকম পরিকল্পনা ওই যুবকের ছিল কি না।

লস অ্যাঞ্জেলেস কাউন্টির র‍্যাঞ্চো পালোস ভার্দেসে অবস্থিত ট্রাম্প ন্যাশনাল গল্‌ফ ক্লাবের আশপাশে ৩৮ বছর বয়সের জেনিন জন টেলকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। নিরাপত্তারক্ষীদের দাবি, তিনি গল্‌ফ কোর্সের বিভিন্ন অংশের ছবি ও ভিডিও তুলছিলেন এবং নিরাপত্তা ব্যবস্থা খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিলেন। জিজ্ঞাসাবাদের সময় তাঁর কাছ থেকে একটি ১৬ রাউন্ডের ম্যাগাজিন উদ্ধার হয়। পরে তাঁর গাড়িতে তল্লাশি চালিয়ে একটি লোডেড পিস্তল এবং অতিরিক্ত গোলাবারুদ বাজেয়াপ্ত করে পুলিশ।

আরও পড়ুন:  হরমুজ়ে বাণিজ্যিক জাহাজে হামলা ইরানের, নিখোঁজ ভারতীয় নাবিক, উদ্বেগ প্রকাশ নয়াদিল্লির

এরপর এফবিআইয়ের জয়েন্ট টেররিজম টাস্ক ফোর্স এবং স্থানীয় পুলিশ ডাউনিতে অভিযুক্তের বাড়িতে তল্লাশি চালায়। সেখান থেকে একটি কাস্টমাইজ করা এআর-প্ল্যাটফর্ম রাইফেল, একটি ৪৫ ক্যালিবার পিস্তল, বডি আর্মার, একাধিক উচ্চক্ষমতাসম্পন্ন ম্যাগাজিন, বিপুল পরিমাণ গুলি এবং সন্দেহজনক নোট লেখা কয়েকটি নোটবুক উদ্ধার হয়েছে। ওই নোটবুকের বিষয়বস্তুও তদন্তকারীদের নজর কেড়েছে। পাশাপাশি এল সেগুন্ডো এলাকায় একটি ডাকাতির মামলাতেও অভিযুক্তকে খুঁজছিল পুলিশ।

মঙ্গলবার ওই গল্‌ফ কোর্সেই রিপাবলিকান ন্যাশনাল কমিটির একটি তহবিল সংগ্রহের নৈশভোজে যোগ দেওয়ার কথা ছিল ট্রাম্পের। তাই অভিযুক্ত আগেভাগে নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে এসেছিলেন কি না, অথবা এর পিছনে আরও কেউ জড়িত রয়েছেন কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। আপাতত গোপনে আগ্নেয়াস্ত্র বহন এবং নিষিদ্ধ গোলাবারুদ রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

আরও পড়ুন:  ফের আমেরিকায় জনবহুল এলাকায় চলল এলোপাথাড়ি গুলি, নিহত ৩

উল্লেখ্য, ট্রাম্প অতীতেও একাধিকবার হামলার নিশানা হয়েছেন। ২০২৪ -এর জুলাইয়ে পেনসিলভেনিয়ার বাটলারে নির্বাচনী সমাবেশে তাঁকে লক্ষ্য করে গুলি চালানো হলে কান ছুঁয়ে বেরিয়ে যায় গুলি। সেই বছরেরই সেপ্টেম্বরে ফ্লোরিডার মার-এ-লাগো গল্‌ফ কোর্সে অস্ত্র-সহ ১ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছিল। চলতি বছরেও একটি অনুষ্ঠানে গুলির ঘটনা সামনে আসে। সেই প্রেক্ষাপটে ক্যালিফোর্নিয়ার এই ঘটনাকে অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছে মার্কিন গোয়েন্দা সংস্থাগুলি। বিশেষ করে সাম্প্রতিক সময়ে ট্রাম্প ও তাঁর পরিবারের বিরুদ্ধে একাধিক হুমকির অভিযোগ সামনে আসায় প্রেসিডেন্টকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment