মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা, নির্বাচনী ফলকে স্বাগত ওবামার

By Suman Debnath

November 4, 2026 3:40 PM

মার্কিন কংগ্রেসের নিয়ন্ত্রণে ডেমোক্র্যাটরা, নির্বাচনী ফলকে স্বাগত ওবামার


আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে ধরাশায়ী অবস্থা ট্রাম্পের রিপাবলিকান পার্টির। হাউস অফ রিপ্রেজেন্টেটিভস ও সেনেট-মার্কিন কংগ্রেসের দুই কক্ষেই জয় পেয়েছে ডেমোক্র্যাটিক পার্টি। এই ফলাফলকে স্বাগত জানিয়েছেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর মতে, বিভাজনের পরিবর্তে ঐক্যের রাজনীতি ও সাধারণ মানুষের সমস্যার বাস্তবসম্মত সমাধান চান মার্কিন নাগরিকেরা।

সমাজমাধ্যম এক্স হ্যান্ডলে একটি পোস্ট করেছেন বারাক ওবামা। সেখানে তিনি লিখেছেন, ‘আমেরিকার মানুষ স্পষ্ট বার্তা দিয়েছেন। তাঁরা এমন রাজনীতি চান, যা মানুষকে বিভক্ত না করে একত্রিত করে। তাঁরা এমন নেতৃত্ব চান, যারা তাঁদের সমস্যার বাস্তবসম্মত সমাধান দিতে পারে।’

নির্বাচনে বিভিন্ন অঞ্চলের প্রার্থীদের সাফল্যের প্রশংসা করে ওবামা বলেন, ‘নানা রাজনৈতিক মতাদর্শের প্রার্থীরা সাধারণ মূল্যবোধ, জনসেবার মানসিকতা নিয়ে ও মানুষের স্বার্থকে অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারে ঐক্যবদ্ধ ছিলেন।’ এর পাশাপাশি নির্বিঘ্নে নির্বাচন পরিচালনার জন্য দুই দলের নির্বাচনী আধিকারিক ও স্বেচ্ছাসেবকদের ধন্যবাদ জানান তিনি।

আরও পড়ুন:  হিন্দু ধর্মীয় গোষ্ঠীর সফর ঘিরে বিতর্ক, নারী কর্মীদের সরানোর অভিযোগ বন্ধ আইফেল টাওয়ার

ওবামার মতে, ট্রাম্প প্রশাসনের মেয়াদের আরও ২ বছর বাকি থাকলেও ডেমোক্র্যাটদের উচিত নিজেদের ক্ষমতার আওতায় পরিবর্তন আনা। সম্ভাব্য ক্ষতি প্রতিরোধ করা এবং ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া। অন্যদিকে, নির্বাচনে পরাজয়কে নিজের প্রেসিডেন্সির বিরুদ্ধে জনমত হিসেবে দেখতে নারাজ বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, অর্থনীতি-সহ বিভিন্ন ক্ষেত্রে তাঁর প্রশাসনের গত ২ বছর ছিল প্রেসিডেন্সির ইতিহাসে অন্যতম সেরা সময়। তবে ডেমোক্র্যাটদের জয়ের জন্য অভিনন্দন জানিয়ে ট্রাম্প বলেন, রিপাবলিকান প্রার্থীদের কয়েকজন তাঁর সমর্থকদের যথেষ্ট অনুপ্রাণিত করতে পারেননি। ডেমোক্র্যাটরা দীর্ঘ ১১ বছর ধরে এই সাফল্যের অপেক্ষায় ছিলেন।

আরও পড়ুন: রাতের আকাশে সূর্যের আলো ফেলতে মহাকাশে আয়না, বিতর্কের মধ্যেই পরীক্ষামূলক উপগ্রহে অনুমতি আমেরিকার

আরও পড়ুন:  রাশিয়ার কাছ থেকে ডিজেল আমদানির চুক্তি, ট্রাম্পকে কড়া বার্তা জেলেনস্কির

বিশ্লেষকদের মতে, কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে যাওয়ায় ট্রাম্প প্রশাসনের উপর নজরদারি অনেকটাই বাড়বে। বিভিন্ন কমিটির তদন্ত, শুনানি ও সমন জারির মাধ্যমে প্রশাসনের কাজকর্মে চাপ সৃষ্টি করতে পারবেন তাঁরা। এর পাশাপাশি বিচারপতি ও মন্ত্রীসভার সদস্য নিয়োগ আটকে দেওয়া ও ট্রাম্পের আইন প্রণয়নের উদ্যোগে বাধা দেওয়ার সুযোগও পাবে ডেমোক্র্যাটরা। ফলে আগামী ২ বছর মার্কিন রাজনীতিতে হোয়াইট হাউস ও কংগ্রেসের মধ্যে সংঘাত বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment