---Advertisement---

হাসিনাকে রাজনৈতিক তৎপরতার সুযোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুঁশিয়ারি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

By Suman Debnath

August 8, 2026 8:55 PM

হাসিনাকে রাজনৈতিক তৎপরতার সুযোগ দিলে ভারতের সঙ্গে সম্পর্ক পুনর্বিবেচনার হুঁশিয়ারি বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর

---Advertisement---


ভারতে অবস্থানরত বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সেখান থেকে রাজনৈতিক তৎপরতা চালানোর সুযোগ দেওয়া হলে দিল্লির সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে ঢাকা নতুন করে ভাবতে বাধ্য হবে। শনিবার এমনই কড়া বার্তা দিলেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তাঁর অভিযোগ, ভারত যদি ‘হাসিনা কার্ড’ ব্যবহার করে বাংলাদেশের সঙ্গে একই সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তা হলে দু’টি বিষয় একসঙ্গে চলতে পারে না। তাঁর কথায়, ‘আপনারা হাসিনা কার্ড খেলবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন—মনে রাখতে হবে, দুটো বিপরীত।’ জুলাই গণ-অভ্যুত্থানের ২ বছর পূর্তি উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক আলোচনা সভায় এই মন্তব্য করেন সালাহউদ্দিন।

শেখ হাসিনাকে বাংলাদেশবিরোধী কোনও রাজনৈতিক কর্মকাণ্ড বা বক্তব্যের সুযোগ না দেওয়ার জন্য ভারতের কাছে আবেদন জানান স্বরাষ্ট্রমন্ত্রী। একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ প্রতিবেশী ভারতের সঙ্গে পারস্পরিক নির্ভরতা, সমতা এবং সার্বভৌমত্বের ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে চায়। তবে সেই সম্পর্ক টিকিয়ে রাখতে উভয় দেশকেই একে অপরের উদ্বেগের বিষয়গুলি বুঝতে হবে।

আরও পড়ুন:  চাঁদে আছড়ে পড়ল স্পেসএক্সের ফ্যালকন ৯ রকেট, তৈরি হল বিশাল গর্ত; নাসার মতে মিলবে নতুন বৈজ্ঞানিক তথ্য

সালাহউদ্দিনের বক্তব্যে শুধু ভারত-হাসিনা প্রসঙ্গই নয়, জুলাইয়ের আন্দোলনের ইতিহাস নিয়েও রাজনৈতিক বার্তা উঠে আসে। তাঁর দাবি, গণ-অভ্যুত্থান কোনও ৩৬ দিনের আকস্মিক ঘটনা নয়। এর পিছনে রয়েছে দীর্ঘ ১৭ বছরের আন্দোলন ও ত্যাগ। নতুন একটি রাজনৈতিক দলের নেতাদের উদ্দেশে তাঁর মন্তব্য, রাজনীতিতে অভিজ্ঞতা ও পরিপক্বতার কোনও বিকল্প নেই। মাত্র ৩৬ দিনের আন্দোলনকে সামনে রেখে আগের ১৭ বছরের আন্দোলনকে অস্বীকার করা বাস্তবসম্মত নয় বলেও মন্তব্য করেন তিনি।

একই সঙ্গে ছাত্রসমাজকে হিংসা থেকে দূরে থাকার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তাঁর অভিযোগ, বিভিন্ন জায়গায় উসকানি ও ষড়যন্ত্রের মাধ্যমে হিংসা ছড়ানোর চেষ্টা চলছে। শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, অপপ্রচারের জবাব গণতান্ত্রিক প্রতিবাদের মাধ্যমে দিতে হবে, কিন্তু কোনও অবস্থাতেই হিংসায় জড়ানো যাবে না।

আরও পড়ুন:  প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে এবারে 'ডিম থেরাপি'! সংসদে তুমুল বিশৃঙ্খলা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment