দীপাবলির পরেই দিল্লির বাতাসে বিষ, একিউআই ৪০০ পার, দূষণ নিয়ে বিজেপি-আপ সংঘাত

By Suman Debnath

November 9, 2026 11:20 AM

দীপাবলির পরেই দিল্লির বাতাসে বিষ, একিউআই ৪০০ পার, দূষণ নিয়ে বিজেপি-আপ সংঘাত


দীপাবলির পর সোমবার সকালে ফের বিষাক্ত ধোঁয়ায় ঢাকল রাজধানী দিল্লি। শহরের একাধিক এলাকায় বায়ুর গুণমান সূচক (AQI) ৪০০ পার করায় উদ্বেগ বেড়েছে। দূষণ পরিস্থিতি ঘিরে রাজনৈতিক তরজায় জড়িয়েছে শাসক বিজেপি ও বিরোধী আম আদমি পার্টি (আপ)।

কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (CPCB)-এর তথ্য অনুযায়ী, সোমবার ভোর ৪টে ২০ মিনিটে আইটিও এলাকায় একিউআই পৌঁছয় ৪০৬-এ, যা ভয়াবহ শ্রেণিভুক্ত। রাত ১টা ৩০ মিনিটে রাজীব চক এলাকায় একিউআই ছিল ৩৮১ এবং ভোর ৪টে নাগাদ সাউথ এক্সটেনশনে ছিল ৩৬০। এই দুই এলাকাতে বাতাসের মান ছিল অত্যন্ত খারাপ।

ইন্দরলোক-সহ দিল্লির বিভিন্ন এলাকায় ঘন ধোঁয়াশার কারণে সকালের দৃশ্যমানতাও কমে যায়। উল্লেখ্য, ৩০১-৪০০-এর মধ্যে একিউআই থাকলে তা অত্যন্ত খারাপ এবং ৪০১-৫০০ হলে তা ভয়াবহ হিসেবে গণ্য করা হয়। এই পরিস্থিতিতে সুস্থ মানুষেরও শ্বাসকষ্টের সমস্যা হতে পারে। হৃদরোগ ও শ্বাসকষ্টের রোগীদের জন্য পরিস্থিতি আরও বিপজ্জনক।

আরও পড়ুন:  মাওবাদীমুক্ত ঘোষণার পরেও ছত্তিসগড়ে মিলল ৭১১টি গ্রেনেড শেল

দূষণ নিয়ন্ত্রণে গত ৬ নভেম্বর থেকেই দিল্লি ও সংলগ্ন এনসিআর এলাকায় গ্রেডেড রেসপন্স অ্যাকশন প্ল্যানের (GRAP) তৃতীয় পর্যায়ের বিধিনিষেধ কার্যকর হয়েছে। এর আওতায় নির্মাণ ও ভাঙার কাজের উপর একাধিক নিষেধাজ্ঞা জারি হয়েছে। বিএস-৩ পেট্রোল ও বিএস-৪ ডিজেল চালিত চারচাকা গাড়ির চলাচলেও বিধিনিষেধ রয়েছে। এর পাশাপাশি সম্ভব হলে পঞ্চম শ্রেণি পর্যন্ত পড়ুয়াদের জন্য অনলাইন ও অফলাইন ক্লাসের ব্যবস্থা চালুর নির্দেশ দেওয়া হয়েছে।

দূষণ পরিস্থিতি ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। দিল্লির মন্ত্রী কপিল মিশ্র অভিযোগ করেছেন, দূষণের অজুহাতে দীপাবলি ও সনাতন ধর্মকে নিশানা করার প্রস্তুতি নিচ্ছে আপ। তাঁর দাবি, এই প্রচারে আপ নেতাদের পাশাপাশি অর্থের বিনিময়ে কয়েকজন তারকাকেও ব্যবহার করা হতে পারে। সেই সঙ্গে দিল্লি ও পাঞ্জাবের দূষণের জন্য পূর্ববর্তী আপ সরকারগুলিকেও দায়ী করেছেন তিনি।

আরও পড়ুন:  আমেরিকার মধ্যবর্তী নির্বাচনে বড় ধাক্কা ট্রাম্পের, কংগ্রেসের দুই কক্ষেই ডেমোক্র্যাটদের জয়

আরও পড়ুন: বস্তারে জওয়ানদের সঙ্গে আলোর উৎসবে মাতবেন মোদী, দেশবাসীকে জানালেন শুভেচ্ছা

অন্যদিকে, আপ নেতা সৌরভ ভরদ্বাজের পাল্টা অভিযোগ, গত এক দশকে উত্তর ভারতের দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থ কেন্দ্রীয় সরকার। তাঁর বক্তব্য, দিল্লি ছাড়াও উত্তরপ্রদেশ, বিহার, হরিয়ানা, রাজস্থান ও পাঞ্জাবে দূষণ ভয়াবহ আকার ধারণ করেছে। প্রাক্তন মেয়র শেলি ওবেরয়ও শিশু ও প্রবীণদের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করে রাজনৈতিক বাগবিতণ্ডা ছেড়ে দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment