মিনার মণ্ডলকে গ্রেপ্তার করার পর পুলিশের নজর ছিল পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের ভাগ্নে শেখ ওয়াসিম। এটা ওয়াসিম বুঝতে পেরেই তড়িঘড়ি নেপালে পালানোর ছক কষেছিল। সেখানে গা-ঢাকা দিতে পারলেই পুলিশ আর ধরতে পারবে না। কিন্তু সেই পরিকল্পনা বা ছক বাস্তবায়িত হলো না। শনিবার দার্জিলিং থেকে ওয়াসিমকে গ্রেপ্তার করল পুলিশ। রামপুরহাট মহকুমা আদালতে এদিন তোলা হলে তদন্তের স্বার্থে ১০ দিনের পুলিশ হেপাজতের আবেদন জানানো হয় পুলিশের পক্ষ থেকে। ওই আবেদন মঞ্জুর করেছে আদালত।
টুলুর ব্যবসার সঙ্গে ওয়াসিমের যোগ পেয়েছে পুলিশ। এখন তা খতিয়ে দেখা হচ্ছে। গত কয়েকদিন ধরেই পুলিশ শেখ ওয়াসিমকে খুঁজছিল। অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ ব্যবসায়ী টুলু মণ্ডলের আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে নগদ সাড়ে ২৮ কোটি টাকা উদ্ধার করা হয়েছে। ১৫ কেজি সোনাও মিলেছে। বৃহস্পতিবার মিনার মণ্ডলকে গ্রেপ্তার করে পুলিশ। তবে টুলু বিদেশে গা-ঢাকা দিয়ে রয়েছে বলে তার নাগাল পায়নি পুলিশ। মিনার পুলিশের দফায় দফায় জেরায় দাবি করেছে, টুলু তাকে নিজের সম্পত্তি দেখভাল করার দায়িত্ব দিয়েছে। এই বিপুল পরিমাণ টাকা এবং সোনার উৎস পুলিশ খতিয়ে দেখছে। তখনই ওয়াসিমের নাম সামনে আসে। দু’দিন ধরে তাকে পুলিশ খুঁজছিল। ওয়াসিম শিলিগুড়ি হয়ে নেপালে পালানোর ছক কষেছিল। মিনারকে জেরা করেই ওয়াসিমের নাম উঠে এসেছে বলে সূত্রের খবর।
পুলিশ সূত্রে খবর, ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর মাসে রামপুরহাট-১ ভূমি ও ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা অবৈধ পাথর কারবারের অভিযোগে রামপুরহাট থানায় অভিযোগ দায়ের করেন। রামপুরহাটের মহকুমাশাসকের কাছেও অভিযোগ জমা পড়ে। তখন প্রশাসনের একাধিক দপ্তরের আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করেন। তদন্তে একাধিক অবৈধ পাথর খাদান এবং বেআইনি পাথর ব্যবসার তথ্য উঠে আসে। তখনই শেখ ওয়াসিমের নাম উঠে আসে। টুলু মণ্ডলের ম্যানেজার মিনার মণ্ডল গ্রেপ্তার হতেই যোগ মেলে ওয়াসিমের। এদিন দার্জিলিং থেকে নেপাল পালানোর সময় ওয়াসিমকে গ্রেপ্তার করে পুলিশ।
তাছাড়া শিলিগুড়ি পুলিশ টুলুর ভাগ্নেকে গ্রেপ্তার করে বীরভূম জেলা পুলিশের হাতে তুলে দেয়। ওয়াসিমকে তখন রামপুরহাট থানায় রাখা হয়েছিল। শনিবার সেখান থেকে রামপুরহাট মহকুমা আদালতে তোলা হলে ১০ দিনের পুলিশ হেপাজতের আবেদন মঞ্জুর করে বিচারক। টুলুর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৪০৯ (সরকারি সম্পত্তি লুট) এবং ১১১ (সিন্ডিকেট অপরাধ) ধারায় মামলা করা হয়েছে। টুলুর ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। টুলু মণ্ডলের সঙ্গে শেখ ওয়াসিম ব্যবসায়িক সম্পর্ক খতিয়ে দেখতেই জেরা করা হবে ওয়াসিমকে বলে সূত্রের খবর।
Leave a Comment