শিল্পে জোয়ার আনতে হবে। কর্মসংস্থান করতে হবে বিপুল। এই নিয়ে রাজ্যের বিজেপি সরকার তৎপর। শুধু তাই নয়, একের পর এক শিল্প আসতে শুরু করেছে বলে আগেই জানিয়ে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্প গড়ে তুলতে বাড়তি গুরুত্ব দিয়েছে নতুন বিজেপি সরকার। চলতি বছরের বাজেটেই এক লক্ষ কর্মসংস্থান তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। দুর্গাপুজোর আগে কলকাতা পুলিশে চাকরিপ্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এবার সরকারি ক্ষেত্রে কর্মসংস্থানের জোয়ার আসতে চলেছে বঙ্গে। পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন দপ্তরে স্থায়ী পদে ৭,২০০টি শূন্যপদে নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রায় এক হাজার চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ করা হবে সেখানে। ভিবি-জি রামজি প্রকল্পের মাধ্যমে কর্মদিবস বাড়ানোর লক্ষ্যমাত্রা আছে সরকারের বলে বুধবার জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
এদিকে কালীপুজোর আগেই বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এদিন সকালে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের বৈঠক ছিল। সেখানে উপস্থিত ছিলেন পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। ওই পর্যালোচনা বৈঠক শেষ করে বেরিয়ে এসে সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। তখনই শুভেন্দু অধিকারী সামনে আনলেন চাকরির খবর। ২০২৭ সালেই রাজ্যে হবে নতুন নিয়োগ। ৭ হাজার ১৯০ জনের নতুন নিয়োগ হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘পঞ্চায়েতে ১২ হাজার কোটি টাকার কাজ হয়েছে। তার মধ্যে সাড়ে ৮ হাজার কোটি টাকা কেন্দ্রীয় সরকার দিচ্ছে। ভিবি-জি রামজি প্রকল্পে প্রত্যেকদিন ২২ লক্ষ মানুষ কাজ করছেন। নিউটাউনে একটি পূর্ণাঙ্গ নতুন পঞ্চায়েত ভবন তৈরি হবে। তার জন্য ৫ একর জমি দেবে রাজ্য সরকার।’
অন্যদিকে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ আগেই জানিয়েছিলেন তাঁর দপ্তরে নিয়োগ হবে। তার জন্য যাবতীয় পদক্ষেপ করা হচ্ছে। এদিন বৈঠক শেষে মুখ্যমন্ত্রীর বক্তব্য, ‘আজকের রিভিউ মিটিংয়ে সব জেলাশাসকরা ছিলেন। ৭ হাজার ১৯০ জনের নিয়োগ হবে। পরিচ্ছন্ন রিক্রুটিমেন্ট হবে। দীপাবলির পর নিয়োগের রুল পরিবর্তন হবে। ২০২৭ সালেই পঞ্চায়েত দপ্তরে এই নিয়োগ করা হবে। এখন চুক্তিভিত্তিক ১০০০ কর্মী নেওয়া হচ্ছে। কর্মী কম থাকার কারণে যাতে কাজ আটকে না থাকে সেই বিষয়টা দেখা হচ্ছে। ইঞ্জিনিয়ারদের যে খামতি রয়েছে সেটা মেটানোর জন্যই এই নিয়োগ করা হবে।’
তাছাড়া পঞ্চায়েত দপ্তরে নিয়োগের ব্যাপারে মুখ্যমন্ত্রী জানান, ইঞ্জিনিয়ার-সহ একাধিক পদে এই নিয়োগ করা হবে। পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) মাধ্যমে এই নিয়োগ হবে। পঞ্চায়েতের কাজে গতি আনতেই এই নিয়োগ হবে। নতুন পঞ্চায়েত দপ্তর তৈরির কথা জানিয়ে শুভেন্দু অধিকারীর কথায়, ‘রাজ্য সরকারের একটা উপহার। নিউটাউনে একটা নতুন পঞ্চায়েত ভবন তৈরি করা হবে ৫ একর জমিতে। যেখানে প্রশাসনিক ভবন এবং বিধানসভা তৈরি হচ্ছে।’
Leave a Comment