২০০৭ সালের নন্দীগ্রামের বিচারর এখন হয়নি। অপরাধীদের শাস্তিও হয়নি। তাই পুরনো মামলা খতিয়ে দেখে এফআইআর দায়ের করা হবে। মঙ্গলবার নন্দীগ্রাম দিবসের মঞ্চ থেকে এমনই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর দাবি, তৎকালীন বাম সরকারের আমলে নন্দীগ্রামে যে নৃশংস ঘটনা ঘটেছিল, তার পূর্ণাঙ্গ বিচার হয়নি। কয়েক দিন আগেই গড়বেতার সভা থেকে নন্দীগ্রাম মামলার ফাইল খোলার ইঙ্গিত দিয়েছিলেন শুভেন্দু। এ নিয়ে আবারর মুখ খুললেন তিনি।
২০০৭ সালের ১০ নভেম্বর নন্দীগ্রামের সোনাচূড়া থেকে মহেশপুর পর্যন্ত মিছিল বের করেছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি। পথে মিছিলের উপর তৎকালীন সিপিএমের আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালায় বলে অভিযোগ। ওই ঘটনা পরবর্তীকালে ‘অপারেশন সূর্যোদয়’ নামে পরিচিতি পায়। ২ জনের মৃত্যু হয়। পুলিশের নথিতে নিখোঁজের তালিকায় রয়েছে ১২ জন।
রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর থেকে ১০ নভেম্বর নন্দীগ্রাম দিবস পালন করা হয়। তবে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে এই দিনটিতে আলাদাভাবে রাজনৈতিক কর্মসূচি পালন করা শুরু করেন। ‘শহিদ দিবস’ পালনকে কেন্দ্র করে দুই শিবিরের মধ্যে একাধিক বার রাজনৈতিক চাপানউতরও দেখা যায়। এবারও প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় সমাজ মাধ্যমে অপারেশন সূর্যোদয় নিয়ে বার্তা দিয়েছেন।
অন্যদিকে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী লিখেছেন,‘নন্দীগ্রাম মানে অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর লড়াই। আজ রক্তাক্ত সূর্যোদয়ের ১৯তম বর্ষপূর্তি।‘
Leave a Comment