---Advertisement---

কাটমানির থাবা এবার মর্গে! মৃতদেহ রাখতে ‘দু’হাজার’ দাবি, পুলিশের হুঁশিয়ারিতে পিছু হাসপাতালকর্মী

By Suman Debnath

July 30, 2026 2:50 PM

কাটমানির থাবা এবার মর্গে! মৃতদেহ রাখতে ‘দু’হাজার’ দাবি, পুলিশের হুঁশিয়ারিতে পিছু হাসপাতালকর্মী

---Advertisement---


রাজ্যজুড়ে প্রশাসনিক রদবদল, তোলাবাজি-কাটমানির বিরুদ্ধে সরকারের কড়া বার্তার পরেও সবকিছুকেই যেন প্রকাশ্যে বুড়ো আঙুল দেখাল উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। জীবিতের চিকিৎসা নয়, এবার অভিযোগ উঠল মৃতদেহ সংরক্ষণ নিয়েও। ময়নাতদন্তের আগে পথদুর্ঘটনায় মৃত এক ব্যক্তির দেহ রাতভর মর্গে রাখতে মৃতের পরিবারের কাছ থেকে দু’হাজার টাকা কাটমানি চাওয়ার বিস্ফোরক অভিযোগ উঠেছে হাসপাতালের এক কর্মীর বিরুদ্ধে। পরিবারের দাবি, টাকা দিতে অস্বীকার করতেই মর্গে তালা ঝুলিয়ে চলে যান অভিযুক্ত। পরে পুলিশের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিতেই ফিরে এসে দেহটি মর্গে রাখেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে হাসপাতালে। শুরু হয়েছে বিভাগীয় তদন্ত।

জলপাইগুড়ির কাজীপাড়ার তালমাহাট সংলগ্ন ধাপাচিলা গ্রামের বাসিন্দা বীরেন রায় (৫০)। মঙ্গলবার ফাটাপুকুর এলাকায় এক মর্মান্তিক বাইক দুর্ঘটনায় মারা যান তিনি। গুরুতর জখম বীরেনকে উত্তরবঙ্গ মেডিক্যালে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। কিন্তু ময়নাতদন্তের সময় পেরিয়ে যাওয়ায় দেহটি রাতে মর্গে রাখার সিদ্ধান্ত হয়। অভিযোগ, বিকেল পাঁচটা নাগাদ মর্গের এক কর্মী দেহটি মর্গে রাখার জন্য মৃতের পরিবারের কাছে নগদ দু’হাজার টাকা দাবি করেন।

আরও পড়ুন:  হাই কোর্টের কড়া বার্তার পর আদালতে অভিষেক, অবশেষে কণ্ঠস্বরের নমুনা দিতে হাজির ডায়মন্ড হারবারের সাংসদ

মৃতের এক প্রতিবেশীর অভিযোগ, তাঁরা গরিব মানুষ। সে কারণেই তাঁরা মর্গের কর্মীর চাহিদা মতো টাকা দিতে পারেননি।  টাকা দিতে না পারায় মর্গে তালা মেরে চলে যায় ওই কর্মী। তবে তাঁরা পুলিশে যাওয়ার সিদ্ধান্ত নিতেই ওই কর্মী ফিরে এসে তালা খুলে দেন। বুধবার লিখিত অভিযোগ জানাতে গেলে অভিযুক্ত কর্মীর হদিশ মেলেনি।

নাম গোপন রেখে হাসপাতালেরই এক নার্স জানিয়েছেন, মর্গে দেহ রাখা থেকে ময়নাতদন্তের পর সেলাইয়ের জন্য বিভিন্ন ধাপে কর্মীদের একাংশের বিরুদ্ধে টাকা দাবির অভিযোগ নতুন নয়। শোকস্তব্ধ পরিবারগুলির অসহায় অবস্থার সুযোগ নিয়েই চলছে এই অসাধু চক্র।

উল্লেখ্য, মাত্র দু’সপ্তাহ আগেও একই ধরনের অভিযোগে চার কর্মীকে শোকজ করা হয়েছিল। তবু ফের একই অভিযোগ সামনে আসায় হাসপাতালের নজরদারি ও প্রশাসনিক কড়াকড়ি নিয়ে বড় প্রশ্ন উঠেছে। নতুন সুপার কৌশিক ঈশোর জানিয়েছেন, সরকারি প্রতিষ্ঠানে কাটমানি কোনওভাবেই বরদাস্ত করা হবে না। অভিযোগের সত্যতা প্রমাণ হলে জড়িতদের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন:  মৃত্যুর আগে মারধর? নিউটাউনে নেটপ্রভাবী তৃষা সাহার দেহে আঘাতের চিহ্ন, তদন্তে নতুন মোড়

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment