নিউ আলিপুরে তরুণীকে শ্লীলতাহানির অভিযোগ তিন যুবকের বিরুদ্ধে। স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় এক অভিযুক্তকে ধরে ফেলা সম্ভব হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। ধৃত যুবককে আটক করে নিউ আলিপুর থানায় নিয়ে যাওয়া হয়। বাকি দুই অভিযুক্ত পালিয়ে গিয়েছে বলে অভিযোগ।
অভিযোগ, নিউ আলিপুরের দুর্গাপুর সেতুর নীচে ওই তরুণীকে শ্লীলতাহানি করা হয়। তাঁর চিৎকার শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁদের আসতে দেখে পালানোর চেষ্টা করে তিন অভিযুক্ত। দু’জন পালিয়ে গেলেও একজনকে ধরে ফেলেন স্থানীয়রা। পরে পুলিশ এসে ওই যুবককে নিজেদের হেফাজতে নেয়।
ঘটনার পর থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিত তরুণী। তাঁকে ঘিরে থানার বাইরে জমায়েত করেন প্রায় ৩০ থেকে ৪০ জন স্থানীয় বাসিন্দা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে পুলিশকে হস্তক্ষেপ করতে হয়। বেশ কিছুক্ষণের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। তবে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়েছে।
উল্লেখ্য, গত সেপ্টেম্বরের শেষ সপ্তাহেও কলকাতায় এক মহিলা চিকিৎসককে শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। বাঁশদ্রোণীর বাসিন্দা ওই চিকিৎসক স্বামী ও বন্ধুদের সঙ্গে কসবার অ্যাক্রোপলিস মলে সিনেমা দেখতে গিয়েছিলেন। অভিযোগ, ‘সিনেপলিস’-এ ছবি চলাকালীন ছয় যুবক তাঁদের উদ্দেশে একের পর এক অশালীন ও যৌন ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে।
মহিলার অভিযোগ, প্রতিবাদ জানাতেই অভিযুক্তরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার শুরু করে। ওই ঘটনায়ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল।
এছাড়াও গত মাসে কলকাতার একটি নামী হোটেলের লবিতে এক মহিলাকে অশালীনভাবে স্পর্শ ও হেনস্থার অভিযোগে এক প্রবীণ ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। পরপর এমন ঘটনায় শহরে মহিলাদের নিরাপত্তা নিয়ে ফের প্রশ্ন উঠতে শুরু করেছে।
Leave a Comment