আরজি কর (RG Kar Medical) মেডিক্যাল কলেজ ও হাসপাতালের তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনার তদন্তের অগ্রগতি নিয়ে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)-র ভূমিকা নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। বুধবার বিচারপতি শম্পা সরকার ও বিচারপতি তীর্থঙ্কর ঘোষের বিশেষ ডিভিশন বেঞ্চ কার্যত সিবিআইকে (CBI) তোপ দেগে প্রশ্ন তোলে, ‘আর কতদিন বিচার হবে না? কতদিন মানুষ অপেক্ষা করবে?’
শুনানিতে নির্যাতিতার পরিবারের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় এবং আইনজীবী শীর্ষেন্দু সিংহ রায় দাবি করেন, গত দু’বছরে সিবিআই (CBI) তদন্তে কী অগ্রগতি হয়েছে, তার কোনও স্পষ্ট রূপরেখা আদালতের সামনে নেই। তিনি জানান, পরিবারের তরফে ভিডিও-সহ একাধিক গুরুত্বপূর্ণ তথ্য ও অতিরিক্ত হলফনামা জমা দেওয়া হলেও সেগুলির ভিত্তিতে যথাযথ তদন্ত হয়নি। ঘটনার রাতে উপস্থিত একাধিক ব্যক্তির ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এর পরই কড়া পর্যবেক্ষণ করে বিচারপতি শম্পা সরকার জানতে চান, আদালতের আগের নির্দেশের পরই কি এই সমস্ত দিক খতিয়ে দেখা শুরু হয়েছে? বিচারপতির কথায়, ‘আপনাদের রিপোর্টেই প্রমাণ নষ্ট হওয়ার কথা, দেহ টেনে নিয়ে যাওয়ার উল্লেখ রয়েছে। আমরা আগেই নির্দেশ দিয়েছিলাম। যদি তা বুঝতেই না পারেন, তাহলে তদন্ত কীভাবে এগোচ্ছে?’
আরও পড়ুন: মামলার পাহাড়ে রাশ টানতে বড় পদক্ষেপ সুপ্রিম কোর্টের! ৮ নতুন বিচারপতি পাচ্ছে কলকাতা হাইকোর্ট
ডিভিশন (Calcutta High Court) বেঞ্চ আরও জানায়, ঘটনার শুরু থেকে শেষ পর্যন্ত কী ঘটেছিল, তা ফের খতিয়ে দেখা প্রয়োজন। প্রয়োজনে আগের তদন্তের গণ্ডি ছেড়ে নতুন করে তদন্তের দিকেও ইঙ্গিত দেয় আদালত। বিচারপতির স্পষ্ট প্রশ্ন, ‘এভাবে কতদিন মামলা বিচারাধীন থাকবে? সবাই বিচার চাইছে। আর কতদিন অপেক্ষা করবে?’
সিবিআইয়ের (CBI) পক্ষে আইনজীবী ধীরাজ ত্রিবেদী আদালতকে (Calcutta High Court) জানান, নির্যাতিতা ঘটনার আগে এক জুনিয়র চিকিৎসকের সঙ্গে শেষবার রাতের খাবার খেয়েছিলেন, অথচ তাঁর বয়ান এখনও রেকর্ড করা হয়নি। তিনি বলেন, তদন্তকারী সংস্থা প্রতিটি অভিযোগ খুঁটিয়ে দেখছে এবং কোথাও কোনও ত্রুটি থাকলে তা-ও পরীক্ষা করে দেখা হবে।
তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি আদালত (Calcutta High Court)। বিচারপতি শম্পা সরকার কটাক্ষ করে বলেন, ‘এক রাতের মধ্যে কাঠামো ভেঙে ফেলা হল, আর আপনারা এখনও তদন্তের ভিত খুঁজছেন? তদন্তটা এমন নয় যে জলপাইগুড়ি থেকে একটা পোস্টকার্ড পাঠিয়ে দিলেই দায়িত্ব শেষ হয়ে যাবে।’
আরও পড়ুন: এফআইআর জটে জর্জরিত অভিষেক! সিবিআই তদন্ত কি চান অভিষেক? প্রশ্ন রাজ্যের
পরিবারের আইনজীবী আরও দাবি করেন, নির্যাতিতার সঙ্গে আরও চারজন চিকিৎসক রাতের খাবার খেয়েছিলেন। তাঁদের ভূমিকা, এমনকি তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) উপস্থিত ছিলেন কি না, তাও তদন্ত করে দেখা প্রয়োজন। কেন এখনও তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি, সেই প্রশ্নও তোলা হয়।
সিবিআই (CBI) জানায়, ৭ জুলাই বিশেষ তদন্তকারী দল (সিট)-এর কাছ থেকে তারা তদন্তভার গ্রহণ করেছে এবং তদন্ত চলছে। তবে আদালত (Calcutta High Court) স্পষ্ট করে দেয়, ‘এটি নিম্ন আদালতের মামলা নয়। এই তদন্ত আমরা নিজেরা মনিটর করছি।’ মামলার পরবর্তী শুনানি হবে ২৮ আগস্ট। আদালতের এদিনের কঠোর মন্তব্যে স্পষ্ট, আরজি কর-কাণ্ডে (RG Kar Medical) তদন্তের গতি ও মান—দুই নিয়েই সিবিআইকে (CBI) আরও কঠিন প্রশ্নের মুখে পড়তে হতে পারে।
Leave a Comment