বঙ্গোপসাগরে তৈরি হওয়া গভীর নিম্নচাপ ক্রমশ শক্তি বাড়িয়ে উপকূলের দিকে এগিয়ে আসছে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবারই নিম্নচাপ ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। ঘূর্ণিঝড়ের নাম রাখা হয়েছে ‘অর্ণব’। অন্ধ্রপ্রদেশ ও ওড়িশার পাশাপাশি পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলিতে ঝড়বৃষ্টি এবং ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পরিস্থিতির উপর কড়া নজর রেখেছে আলিপুর আবহাওয়া দপ্তর।
পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর থাকা গভীর নিম্নচাপটি রাতের দিকে ঘণ্টায় প্রায় ১৫ কিলোমিটার গতিতে পশ্চিম-উত্তর পশ্চিম দিকে এগিয়েছে। বর্তমানে সেটি আন্দামানের শ্রীবিজয়পুরম থেকে প্রায় ৫২০ কিলোমিটার উত্তর-উত্তর পশ্চিমে রয়েছে। এ ছাড়া বিশাখাপত্তনম থেকে ৭৩০ কিলোমিটার, কাকিনাড়া থেকে ৮২০ কিলোমিটার এবং মছিলিপত্তনম থেকে ৯২০ কিলোমিটার পূর্ব-দক্ষিণ পূর্বে রয়েছে। বাপাতলা থেকে এর দূরত্ব প্রায় ৯৯০ কিলোমিটার পূর্বে।
হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েক ঘণ্টায় নিম্নচাপটি আরও পশ্চিমের দিকে অগ্রসর হবে এবং সোমবার সকালের মধ্যেই ঘূর্ণিঝড়ের আকার নিতে পারে। এরপর ক্রমশ শক্তি বাড়িয়ে মঙ্গলবার সকালের মধ্যে এটি তীব্র ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার সকালে অন্ধ্রপ্রদেশের উপকূলের কাছাকাছি পৌঁছে ঝড়টি অতি তীব্র ঘূর্ণিঝড়ের চেহারা নিতে পারে।
Leave a Comment