---Advertisement---

ছাদ সারানোর অনুমতি, ভেঙে ফেললেন গোটা বাড়ি! বহুতল গড়ার অপরাধে ২ বছরের জেল বহাল হাইকোর্টে

By Suman Debnath

September 14, 2026 6:35 PM

ছাদ সারানোর অনুমতি, ভেঙে ফেললেন গোটা বাড়ি! বহুতল গড়ার অপরাধে ২ বছরের জেল বহাল হাইকোর্টে

---Advertisement---


ছাদ সারানোর অনুমতি নিয়ে আস্ত গোটা বাড়িই ভেঙে ফেলেছিলেন। তারপর পুরনো বাড়ির জায়গায় আরসিসি কলাম-বিম তুলে শুরু হয়েছিল নতুন বহুতল নির্মাণ। সেই বেআইনি নির্মাণের মামলায় বাড়ির মালিকের ২ বছরের কারাদণ্ডই বহাল রাখল কলকাতা হাইকোর্ট।

ঘটনাটি কলকাতার ১৬৭, মুক্তারামবাবু স্ট্রিটের। ২০১৪ সালে বাড়িটি কেনেন অর্চনা আগরওয়াল। ২০১৮ সালে কলকাতা পুরসভার কাছ থেকে তাঁর অনুমতি ছিল শুধুমাত্র দোতলা বাড়ির ছাদ পুনর্নির্মাণের জন্য। কিন্তু অভিযোগ, সেই অনুমতিকে ঢাল করেই কার্যত গোটা বাড়ি গুঁড়িয়ে দিয়ে নতুন নির্মাণ শুরু হয়।

২০১৯ সালের ১৬ এপ্রিল পুরসভার পরিদর্শনে ধরা পড়ে বিষয়টি। দেখা যায়, পুরনো কাঠামোর আর চিহ্ন নেই। তার জায়গায় তৈরি হচ্ছে আরসিসি কলাম ও বিমের নতুন কাঠামো। অথচ ছিল না প্রয়োজনীয় স্ট্রাকচারাল সার্টিফিকেট। এমনকী মাটি পরীক্ষার রিপোর্টও।

এরপরই গিরিশ পার্ক থানায় বাড়ির মালিকের বিরুদ্ধে মামলা দায়ের হয়। মামলা গড়ায় আদালতে। নিম্ন আদালত বাড়ির মালিককে ২ বছরের জেল ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেয়। এমনকী বেআইনি নির্মাণ ভেঙে ফেলারও নির্দেশ দেওয়া হয়েছিল।

আরও পড়ুন: ৯ বছরেও ফেরেনি সুরাইয়া, পুলিশের ব্যর্থতায় এবার সিবিআইকে তদন্তভার দিল হাইকোর্ট

কলকাতা হাইকোর্টেও রেহাই মিলল না। বিচারপতি উদয় কুমার রায় সাফ জানিয়ে দেন, ছাদ মেরামতের সামান্য অনুমতি নিয়ে গোটা বাড়ি ভেঙে নতুন বহুতল তোলার বৈধতা তৈরি হয় না। এমনকী, ২০২৪ সালে নির্মাণটি কোনওভাবে বৈধতা পেলেও, তাতে আগে সংঘটিত ফৌজদারি অপরাধ মুছে যায় না। ফলে নিম্ন আদালতের দেওয়া সাজা, জরিমানা এবং বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ, সবই বহাল রাখল হাইকোর্ট।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment