দুর্গাপুজোকে ছাপিয়ে গেল কালীপুজো! রাজ্যে এবার পুজোর সংখ্য়া ৭২ হাজারের বেশি, নজিরবিহীন উৎসবের আয়োজন

By Suman Debnath

November 6, 2026 4:45 PM

দুর্গাপুজোকে ছাপিয়ে গেল কালীপুজো! রাজ্যে এবার পুজোর সংখ্য়া ৭২ হাজারের বেশি, নজিরবিহীন উৎসবের আয়োজন


কালীপুজোকে ঘিরে উৎসবের আবহে মেতেছে গোটা পশ্চিমবঙ্গ। রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের (আইবি) রিপোর্ট অনুযায়ী, এ বছর রাজ্যে কালীপুজোর সংখ্যা দুর্গাপুজোকেও ছাপিয়ে গিয়েছে। কলকাতা পুলিশের কমিশনারেটের আওতাধীন এলাকা বাদ দিলে রাজ্যের বিভিন্ন জেলায় মোট ৭২ হাজার ৬০৯টি কালীপুজো হচ্ছে। গত মাসে দুর্গাপুজোর সংখ্যা ছিল ৬৬ হাজার ৯১৯টি।

আইবি-র রিপোর্ট অনুযায়ী, চলতি বছরে নতুন করে ৬৪১টি কালীপুজো কমিটি গড়ে উঠেছে। বাংলার দুর্গাপুজো বিশ্বজুড়ে পরিচিত হলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে কালীপুজোর পরিসংখ্যানও কম নয়।

জেলাভিত্তিক পরিসংখ্যানে বড় বাজেটের কালীপুজোর নিরিখে এগিয়ে রয়েছে পূর্ব মেদিনীপুর। সেখানে ১৫৬টি বড় বাজেটের পুজোর আয়োজন করা হয়েছে। দ্বিতীয় স্থানে বীরভূম, সেখানে এই ধরনের পুজোর সংখ্যা ১২৫। পশ্চিম মেদিনীপুরে রয়েছে ৯৬টি বড় বাজেটের কালীপুজো। পশ্চিম বর্ধমানে বড় বাজেটের পুজোর সংখ্যা ৩৪। অন্যদিকে, আসানসোল শহরেই মোট ১,৬৭১টি কালীপুজো হচ্ছে।

আরও পড়ুন:  বরানগরের জল জমা-সহ নাগরিক সমস্যা নিয়ে নগরোন্নয়ন মন্ত্রীর দ্বারস্থ সজল

আরও পড়ুন: কলকাতা পুরভোটে ফের আইনি জট! ওয়ার্ড পুনর্বিন্যাসের মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নির্বাচনী বিজ্ঞপ্তি নয়, নির্দেশ হাইকোর্টের

বৃহস্পতিবার থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে উৎসবের পারদ চড়তে শুরু করেছে। খুলে গিয়েছে একাধিক নামী পুজোর মণ্ডপ। বৃহস্পতিবার সন্ধ্যায় পশ্চিম বর্ধমান জেলার চারটি বড় কালীপুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ভিড় সামাল দিতে এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে আগাম ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন ও পুলিশ।

সুন্দরবন পুলিশ জেলায় এ বছর প্রথমবারের জন্য ২১৩টি কালীপুজো শুরু হয়েছে। এর ফলে ওই পুলিশ জেলার অধীনস্থ এলাকায় মোট কালীপুজোর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৯৩১।

অন্যদিকে, মোট কালীপুজোর সংখ্যার নিরিখে রাজ্যের জেলাগুলির মধ্যে শীর্ষে রয়েছে পূর্ব বর্ধমান। সেখানে এ বছর মোট ৮ হাজার ৬৮২টি কালীপুজোর আয়োজন করা হয়েছে। যদিও নতুন করে যুক্ত হয়েছে মাত্র ১৪টি পুজো। প্রতিবেশী পশ্চিম বর্ধমানে এ বছর কালীপুজোর সংখ্যা ২ হাজার ৩২৭। তবে সেখানে নতুন কোনও পুজো কমিটি যুক্ত হয়নি।

আরও পড়ুন:  ছ’দশকের বসতি, আচমকাই জল বন্ধ! উচ্ছেদের আতঙ্কে জ্যোতিনগর, মানবিক হস্তক্ষেপ বিচারপতির

সব মিলিয়ে, দুর্গাপুজোর পর বাংলার উৎসবের ক্যালেন্ডারে কালীপুজোর গুরুত্ব যে ক্রমশ বাড়ছে, আইবি-র এই পরিসংখ্যানেই তার ইঙ্গিত মিলেছে। শহর থেকে জেলা, ছোট পুজো থেকে বড় বাজেটের মণ্ডপ—সর্বত্রই কালীপুজোকে ঘিরে উৎসবের ব্যাপক আয়োজন।

দেখুন:

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment