---Advertisement---

হকারদের দৌরাত্ম্যে ক্ষুব্ধ পুরমন্ত্রী অগ্নিমিত্রা, পুলিশকে দিলেন কড়া নির্দেশ

By Suman Debnath

July 10, 2026 2:20 PM

হকারদের দৌরাত্ম্যে ক্ষুব্ধ পুরমন্ত্রী অগ্নিমিত্রা, পুলিশকে দিলেন কড়া নির্দেশ

---Advertisement---





আগেই ফুটপাত চলে গিয়েছে হকারদের দখলে। বাদ পড়েনি রাস্তার পাশে পার্কিং এলাকাও।  পার্কিং এলাকাতেও রীতিমতো পসরা সাজিয়ে বসে পড়ছে হকাররা। আসানসোল শহরের এই হাল নিজের চোখে দেখে ক্ষোভ উগরে দিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আসানসোল বাজার এলাকায় হকারদের দৌরাত্ম নিয়ে বেশ কিছুদিন ধরেই  অভিযোগ আসছিল। এলাকাবাসীর অভিযোগ, আসানসোল বাজার এলাকায় রাস্তা দিয়ে হাঁটাচলা করা দায় হয়ে পড়েছে। কারণ বেশিরভাগ  জায়গাতেই ফুটপাত পুরোপুরি হকারদের দখলে। বাধ্য হয়ে ফুটপাত ছেড়ে রাস্তায় নামতে হয়েছে সাধারণ পথচারীদের। রাস্তাতেও হাঁটা দায়। কারণ গাড়ি পার্কিংয়ের জায়গাতেও রয়েছে হকারদের পসরা। অনেকেই যাঁরা গাড়ি নিয়ে বাজারে আসেন তাঁদেরও সমস্যায় পড়তে হচ্ছে। পার্কিংয়ের জায়গা না পেয়ে তাঁরা বাধ্য হচ্ছেন রাস্তার উপরে গাড়ি পার্ক করতে। এর ফলে স্বাভাবিকভাবেই রাস্তা আরও সঙ্কুচিত হয়ে গিয়েছে। ফলে প্রবল যানজট নিত্যদিনের সমস্যা। ঘটনার কথা কানে যেতেই শুক্রবার সকালে আচমকাই আসানসোল বাজারে যান পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আরও পড়ুন:  টানা তিনদিন বন্ধ থাকবে চিংড়িঘাটা উড়ালপুল, কলকাতা পুলিশের নির্দেশিকা জারি

মন্ত্রী নিজের চোখেই হকারদের রমরমা দেখেন। এরপরই তিনি হকারদের  অবিলম্বে পার্কিং এলাকা থেকে দোকান সরিয়ে নেওয়ার কথা জানান।  মন্ত্রী সাফ জানিয়ে দেন, পার্কিংয়ের জায়গায় হকাররা বসতে পারবে না।  একই সঙ্গে ভগৎ সিং মোড়, হটন রোড মোড়, পাঞ্জাবি মোড়ের মতো গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় টোটো পার্কিং নিয়ন্ত্রণ  করার জন্য দায়িত্বপ্রাপ্ত ট্রাফিক আধিকারিকদের নির্দেশ দেন। অগ্নিমিত্রা ট্রাফিক আধিকারিকদের জানান, এই সব জনবহুল এলাকায় কোনওভাবেই টোটোর স্ট্যান্ড করা যাবে না। বাজার এলাকা ও হকার সমস্যা ঘুরে দেখার পর পুরমন্ত্রী অগ্নিমিত্রা বলেন, ‘আগের তৃণমূল সরকারের লোকজন টাকার বিনিময়ে ফুটপাথে হকার বসিয়েছে। এখন রাস্তার উপর পার্কিংয়ের জায়গা দখল করে ব্যবসা চলছে। মানুষের অসুবিধা করে ব্যবসা করতে দেওয়া যাবে না। ভাবতে হবে বাজার করতে আসা মানুষ কোথায় পার্কিং করবে? সেই সমস্যা মেটাতে অবিলম্বে এই সব অবৈধ দোকান সরাতে বলেছি। এছাড়াও টোটোর লাগামছাড়া দৌরাত্ম এবং যত্রতত্র মিনিবাস স্ট্যান্ডও বন্ধ করতে বলেছি পুলিশকে। কোনওভাবেই রাস্তার উপরে মিনিবাস, ছোট গাড়ি পার্কিং করাও যাবে না।’

আরও পড়ুন:  ‘গুলি চালালে পুলিশ জয়নগরের মোয়া ছুড়বে না’, বারুইপুর এনকাউন্টার ইস্যুতে কড়া বার্তা সুকান্তর

এমনিতেই আসানসোল শহরে রাস্তাগুলি খুব একটা চওড়া নয়। ব্যস্ত সময়ে যাত্রী তোলার জন্য আসানসোল সিটি বাসস্ট্যান্ড থেকে বাসগুলি বেরিয়ে রাস্তার উপরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকে বলে অভিযোগ। পাশাপাশি অটো, টোটো, ম্যাজিকভ্যানও রাস্তার উপর দাঁড়িয়ে যাত্রী তোলে। এরফলে চরম সমস্যায় পড়েন সাধারণ পথচারীরা। বিষয়টি নিজের চোখে দেখে অত্যন্ত ক্ষুব্ধ হন আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা। অবিলম্বে রাস্তার উপর  বাস, টোটো, অটোর দাঁড়িয়ে  থাকা বন্ধ করতে ট্রাফিক পুলিশকে কড়া ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন মন্ত্রী।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment