পশ্চিমবঙ্গে ‘আয়ুষ্মান ভারত’ প্রকল্প চালু হওয়া নিয়ে জোরকদমে ফর্ম ফিলআপের কাজ চলছে। তার মধ্যেই এই রাজ্যের মানুষের জন্য বড় স্বাস্থ্য প্রকল্পের ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার মুর্শিদাবাদের রেজিনগরের জনসভা থেকে তিনি জানিয়ে দিলেন, নিয়মের গেরোয় পড়ে যাঁরা কেন্দ্রীয় প্রকল্প আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, তাঁদেরও চিকিৎসার আর চিন্তা করতে হবে না। তাঁদের জন্য আনা হচ্ছে ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’। এই নতুন প্রকল্পে মিলবে বার্ষিক ৫ লক্ষ টাকা পর্যন্ত ক্যাশলেস চিকিৎসার সুবিধা।
এদিকে কেন্দ্রীয় সরকারের প্রকল্প আয়ুষ্মান ভারত প্রকল্পের অন্তর্ভুক্তির কাজ চলছে এখন রাজ্যে। তবে কারা কারা এই প্রকল্প অধীনে সুবিধা পাবেন সেটা নিয়ে সংশয় তৈরি হয়েছে। এই সংশয় দূর করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুক্রবার রেজিনগরে জনসভা থেকে মুখ্যমন্ত্রীর ঘোষণা, ‘আয়ুষ্মান ভারত যাঁরা পাবেন না, তাঁরা পাবেন মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা। এই প্রকল্পে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিমার সুবিধা পাওয়া যাবে। সারা ভারতে যে কোনও হাসপাতালে চিকিৎসার সুযোগ মিলবে। এই কার্ডের সুবিধা শুধুমাত্র এই রাজ্যে নয়, সারা ভারতে যাতে পায়, তা নিশ্চিত করবে রাজ্য সরকার।’
অন্যদিকে আয়ুষ্মান ভারত না পেলেও মিলবে সরকারি স্বাস্থ্যবিমা। আগের সরকারের স্বাস্থ্যবিমা স্বাস্থ্যসাথীর সুবিধা পেতেন, তাঁরা সকলেই আয়ুষ্মান ভারত প্রকল্প পাবেন কিনা সেটা নিয়ে সংশয় প্রকাশ করেছেন অনেকে। এই আবহে রেজিনগরের সভা থেকে সব আশঙ্কায় জল ঢেলে মুখ্যমন্ত্রী বলেন, ‘আমরা সাড়ে ৬ কোটি মানুষকে আয়ুষ্মান ভারত দেব। যাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন না, তাঁদের মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনার অধীনে ৫ লক্ষ টাকা করে বিমার সুবিধা দেব। শুধু রাজ্যে নয়, যাতে ভিনরাজ্যেও এই প্রকল্পের সুবিধা মেলে, তার ব্যবস্থা করবে আপনাদের সরকার।’
তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনা থেকে জি রামজি প্রকল্প রাজ্যে চালু হয়েছে। প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনায় কেন্দ্রের ৬ হাজার টাকার সঙ্গে আরও ৩ হাজার টাকা যুক্ত হবে বলে জানালেন মুখ্যমন্ত্রী। আর আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারগুলি সরকারি এবং তালিকাভুক্ত বেসরকারি হাসপাতালে বছরে ৫ লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ক্যাশলেস চিকিৎসার সুযোগ পাবেন এই নয়া প্রকল্পে বলে জানান তিনি। একদিকে কেন্দ্রের ‘আয়ুষ্মান ভারত’ আর অপরদিকে রাজ্যের নতুন ‘মুখ্যমন্ত্রী স্বাস্থ্যবিমা যোজনা’র যুগলবন্দিতে বাংলার প্রত্যেকটি নাগরিকের স্বাস্থ্য সুরক্ষা এবার ১০০ শতাংশ নিশ্চিত হতে চলেছে বলেও জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
Leave a Comment