---Advertisement---

শিয়ালদহে চালু সেন্ট্রাল গেট, দূরপাল্লার যাত্রীদের যাতায়াতে বড় স্বস্তি

By Suman Debnath

July 30, 2026 7:45 PM

শিয়ালদহে চালু সেন্ট্রাল গেট, দূরপাল্লার যাত্রীদের যাতায়াতে বড় স্বস্তি

---Advertisement---


রাজ্যের ব্যস্ততম রেল স্টেশনগুলির মধ্যে অন্যতম শিয়ালদহ জংশন। প্রতিদিন সেই স্টেশন দিয়ে হাজার হাজার মানুষ যাতায়াত করেন। এবার সেই স্টেশনে যাত্রী পরিষেবা আরও উন্নত করতে চালু হল নতুন সেন্ট্রাল গেট। বৃহস্পতিবার থেকে চালু হওয়া এই প্রবেশ ও প্রস্থান পথটি মূলত মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের জন্য নির্দিষ্ট করা হয়েছে। রেলের দাবি, এর ফলে স্টেশনের ভিড় কমবে। সেই সঙ্গে যাত্রী চলাচল হবে আরও সুশৃঙ্খল এবং দূরপাল্লার যাত্রীদের যাতায়াত অনেকটাই সহজ হবে।

এতদিন শিয়ালদহ স্টেশনে যাত্রীদের জন্য ছিল চারটি প্রধান প্রবেশ ও প্রস্থান পথ। সেগুলি হল প্রফুল্ল দ্বার, নর্থ গেট, মেইন গেট এবং সাউথ গেট। নতুন সেন্ট্রাল গেট চালু হওয়ায় মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের আর ভিড়ের মধ্যে দিয়ে যেতে হবে না। এই গেট ব্যবহার করে তাঁরা সরাসরি দূরপাল্লার ট্রেনের প্ল্যাটফর্মে পৌঁছতে পারবেন। এর পাশাপাশি স্টেশনের বাইরে থাকা প্রিপেইড ট্যাক্সি স্ট্যান্ডেও সহজে পৌঁছনোর সুবিধা মিলবে।

আরও পড়ুন:  কোয়ান্টাম কম্পিউটিংয়ে বড় পদক্ষেপের পথে পশ্চিমবঙ্গ? প্রযুক্তির আগামী বিপ্লবে কি জায়গা করে নেবে বাংলা
Sealdah Station
Photo: Statesman

রেলের মতে, পৃথক প্রবেশ ও প্রস্থান পথ চালু হওয়ায় যাত্রীদের বিপরীতমুখী চলাচল অনেকটাই কমবে। নিরাপত্তা বাড়ার পাশাপাশি ভিড়ও নিয়ন্ত্রণে থাকবে। বিশেষ করে প্রবীণ নাগরিক, মহিলা, শিশু, ভারী লাগেজ নিয়ে যাতায়াতকারী যাত্রী এবং পর্যটকদের জন্য এই ব্যবস্থা বিশেষ সুবিধাজনক হবে। যাত্রীদের সুবিধার জন্য বিভিন্ন প্ল্যাটফর্ম অনুযায়ী নির্দিষ্ট গেট ব্যবহারেরও পরামর্শ দিয়েছে শিয়ালদহ বিভাগ।

প্ল্যাটফর্ম ১ থেকে ৫-এ নৈহাটি, কল্যাণী, রানাঘাট, শান্তিপুর, কৃষ্ণনগর সিটি জংশন ও গেদেগামী ট্রেনের যাত্রীরা প্রফুল্ল দ্বার বা নর্থ গেট ব্যবহার করতে পারবেন। প্ল্যাটফর্ম ৬ থেকে ১০-এ বারাসত, বনগাঁ, হাসনাবাদ, ডানকুনি ও বারুইপাড়াগামী ট্রেনের জন্য নির্ধারিত হয়েছে মেইন গেট। প্ল্যাটফর্ম ১১ থেকে ১৪-এ চলা মেল ও এক্সপ্রেস ট্রেনের যাত্রীদের সেন্ট্রাল গেট ব্যবহার করতে বলা হয়েছে। আর প্ল্যাটফর্ম ১৫ থেকে ২১-এর দক্ষিণ শাখার উপনগরীয় ট্রেনের যাত্রীরা ব্যবহার করবেন সাউথ গেট।

আরও পড়ুন:  ফের অভিষেককে আক্রমণ কল্যাণের - Dainik Statesman
Sealdah StationSealdah Station
Photo: Statesman

শিয়ালদহের বিভাগীয় রেল ব্যবস্থাপক রাজীব সাক্সেনা বলেন, ‘নতুন সেন্ট্রাল গেট চালুর মাধ্যমে যাত্রীদের আরও আরামদায়ক, নিরাপদ ও দ্রুত পরিষেবা দেওয়ার লক্ষ্যেই এই উদ্যোগ।’ এটি শিয়ালদহ স্টেশনের আধুনিকীকরণ এবং যাত্রী পরিষেবা উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও তিনি জানান। রেল সূত্রের খবর, ভবিষ্যতে সেন্ট্রাল গেটের কাছেই অ্যাপ-ভিত্তিক ক্যাবের পিক-আপ ও ড্রপ-অফ জোন এবং একটি আধুনিক শৌচাগার কমপ্লেক্স তৈরির পরিকল্পনাও রয়েছে। এতে শেষ মাইল সংযোগ আরও উন্নত হবে এবং যাত্রীদের সুবিধা বাড়বে। ইতিমধ্যেই সেন্ট্রাল গেট সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়েছে। দূরপাল্লার ট্রেনে যাতায়াতকারী যাত্রীদের এই নতুন প্রবেশ ও প্রস্থান পথ ব্যবহারের আবেদন জানিয়েছে পূর্ব রেল।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment