---Advertisement---

‘ডিনারে কারা ছিল, তাঁদের জেরা কেন হয়নি?’ আর জি কর মামলায় সিবিআইকে কড়া ভর্ৎসনা কলকাতা হাই কোর্টের

By Suman Debnath

August 6, 2026 6:55 PM

‘ডিনারে কারা ছিল, তাঁদের জেরা কেন হয়নি?’ আর জি কর মামলায় সিবিআইকে কড়া ভর্ৎসনা কলকাতা হাই কোর্টের

---Advertisement---


আর জি কর (RG Kar) হাসপাতালের চিকিৎসক মৃত্যুর ঘটনায় তদন্তের অগ্রগতি নিয়ে ফের তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। বৃহস্পতিবার বিচারপতি শম্পা সরকার (Shampa Sarkar) এবং বিচারপতি তীর্থঙ্কর ঘোষ (Tirthankar Ghosh)-এর বিশেষ ডিভিশন বেঞ্চে শুনানির সময় সিবিআই (CBI)-এর তদন্তের একাধিক দিক নিয়ে প্রশ্ন তোলে আদালত। বিশেষ করে, ঘটনার রাতে নির্যাতিতার সঙ্গে ডিনারে উপস্থিত ব্যক্তিদের এখনও কেন জিজ্ঞাসাবাদ করা হয়নি, তা নিয়ে কড়া মন্তব্য করেন বিচারপতিরা।

শুনানিতে অভয়ার বাবা-মায়ের আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায় (Jayanta Narayan Chattopadhyay) এবং শীর্ষেন্দু সিংহ রায় (Shirshendu Singha Roy) দাবি করেন, গত দুই বছরে সিবিআই তদন্তের কোনও স্পষ্ট অগ্রগতি দেখা যায়নি। তাঁদের বক্তব্য, পরিবারের দেওয়া অতিরিক্ত হলফনামা এবং ভিডিও-সহ গুরুত্বপূর্ণ তথ্যের ভিত্তিতে তদন্ত এগোলে আরও গুরুত্বপূর্ণ তথ্য সামনে আসতে পারত। ঘটনার রাতে মোট ১৬ জনের উপস্থিতির প্রসঙ্গও আদালতে উত্থাপন করা হয়।

এর জবাবে সিবিআইয়ের আইনজীবী ধীরাজ ত্রিবেদী (Dhiraj Trivedi) জানান, নির্যাতিতার সঙ্গে শেষবার যিনি ডিনার করেছিলেন বলে জানা গিয়েছে, সেই জুনিয়র চিকিৎসক সৌমিত্র রায়ের (Soumitra Roy) বয়ান এখনও রেকর্ড করা হয়নি। তাঁর দাবি, তদন্তকারী সংস্থা প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে খতিয়ে দেখছে এবং তদন্তে কোনও ত্রুটি থাকলে তা পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন:  হেফাজতে মৃত্যু, ক্ষতিপূরণ, কারাগারে ভিড় ও শূন্যপদ নিয়ে কড়া নির্দেশ হাইকোর্টের

তবে এই ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি আদালত। অভয়ার পরিবারের আইনজীবীরা প্রশ্ন তোলেন, যদি ওই চিকিৎসকের নাম তদন্তে উঠে এসে থাকে, তবে এখনও পর্যন্ত তাঁকে জেরা করা হয়নি কেন? পাশাপাশি, সম্ভাব্য অন্য অভিযুক্তদের বিরুদ্ধে কেন কোনও পদক্ষেপ নেওয়া হয়নি, সেই প্রশ্নও ওঠে।

শুনানির সময় সিবিআই জানায়, চলতি বছরের ৭ জুলাই বিশেষ তদন্তকারী দল (SIT) নতুন করে তদন্তভার গ্রহণ করেছে। সেই কারণ দেখিয়ে আরও কিছু সময় চাওয়া হয়। কিন্তু এই আবেদনেই অসন্তোষ প্রকাশ করেন বিচারপতি শম্পা সরকার। তিনি বলেন, সিবিআইয়ের আগের রিপোর্টেই প্রমাণ নষ্ট হওয়ার এবং দেহ টেনে নিয়ে যাওয়ার মতো গুরুত্বপূর্ণ তথ্যের উল্লেখ রয়েছে। তা সত্ত্বেও তদন্তে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।

আদালতের পর্যবেক্ষণে স্পষ্টভাবে উঠে আসে, আগের তদন্তের সীমাবদ্ধতা কাটিয়ে নতুন করে গোটা ঘটনার পূর্ণাঙ্গ পুনর্গঠন প্রয়োজন। বিচারপতি প্রশ্ন তোলেন, “আর কতদিন এই মামলা বিচারাধীন থাকবে? বিচারপ্রার্থীরা কতদিন অপেক্ষা করবেন?” পাশাপাশি ঘটনার রাত থেকে শেষ পর্যন্ত কী কী ঘটেছিল, তার পূর্ণাঙ্গ বিবরণ নতুন করে আদালতে তুলে ধরার নির্দেশমূলক মন্তব্যও করেন তিনি।

আরও পড়ুন:  কেঁপে উঠল রাজারহাট, বোমা বিস্ফোরণে তুমুল আতঙ্ক, তদন্তে পুলিশ, আটক ১

উল্লেখ্য, ২০২৪ সালের ৯ আগস্ট আর জি কর হাসপাতালের সেমিনার হল থেকে এক তরুণী চিকিৎসকের দেহ উদ্ধার হয়। তদন্তের শুরুতে কলকাতা পুলিশ (Kolkata Police) সঞ্জয় রায় (Sanjay Roy) নামে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করে। পরে কলকাতা হাই কোর্টের নির্দেশে তদন্তভার সিবিআইয়ের হাতে যায়। আদালত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করলেও, এরপর আর কোনও নতুন গ্রেপ্তার হয়নি।

অভয়ার পরিবারের দাবি, এই ঘটনায় একাধিক ব্যক্তির ভূমিকা থাকতে পারে এবং সেই দিকটি এখনও পূর্ণাঙ্গভাবে তদন্ত হয়নি। তদন্তের গতি ও পদ্ধতি নিয়ে হাই কোর্টের সাম্প্রতিক পর্যবেক্ষণও সেই প্রশ্নকেই আরও জোরালো করেছে। মামলার পরবর্তী শুনানি নির্ধারিত হয়েছে আগামী ২৮ আগস্ট

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment