,

জনজাতি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে পশ্চিম থানায় চার সংগঠনের FIR

By Suman Debnath

November 11, 2026 9:40 PM

জনজাতি সম্প্রদায়কে নিয়ে বিতর্কিত মন্তব্যের অভিযোগ, বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে পশ্চিম থানায় চার সংগঠনের FIR

আগরতলা, ১১ নভেম্বর: নির্বাচনী প্রচারসভায় বক্তব্য রাখতে গিয়ে জনজাতি সম্প্রদায়কে উদ্দেশ্য করে কুরুচিপূর্ণ ও সাম্প্রদায়িক মন্তব্য করার অভিযোগ উঠেছে বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেনের বিরুদ্ধে। বিধায়কের কথিত মন্তব্যের প্রতিবাদে এবার তাঁর বিরুদ্ধে আগরতলার পশ্চিম থানায় এফআইআর দায়ের করল চারটি ছাত্র ও যুব সংগঠন। সংগঠনগুলির দাবি, এই ধরনের মন্তব্য জাতিবিদ্বেষমূলক এবং সাম্প্রদায়িক উসকানির শামিল।

বুধবার টিওয়াইএ, এসএফআই, টিএসইউ এবং টিওয়াইএফ-এর প্রতিনিধিরা একত্রিত হয়ে আগরতলার পশ্চিম থানায় উপস্থিত হন। সেখানে বিধায়কের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন তাঁরা। এদিনের কর্মসূচিতে সংগঠনগুলির প্রতিনিধিরা বিধায়কের কথিত মন্তব্যের তীব্র নিন্দা জানান এবং অবিলম্বে তাঁর গ্রেপ্তারের দাবি তোলেন।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে টিওয়াইএফ-এর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমল দেববর্মা অভিযোগ করেন, ২০১৪ সালে কেন্দ্রে এবং ২০১৮ সালে ত্রিপুরায় বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই জাতি, উপজাতি ও ধর্মের ভিত্তিতে রাজনীতি করা হচ্ছে। তাঁর দাবি, সাধারণ মানুষের সমর্থন হারিয়ে বর্তমানে সাম্প্রদায়িক উসকানিমূলক মন্তব্যের মাধ্যমে রাজ্যে অশান্তি সৃষ্টির চেষ্টা চলছে।

আরও পড়ুন:  সোনামুড়ায় অবৈধ ব্যাটারিচালিত অটোর প্রতিবাদে ধর্মঘট, ভোগান্তিতে যাত্রীরা!

কমল দেববর্মা আরও বলেন, একজন জনপ্রতিনিধির মুখ থেকে এ ধরনের মন্তব্য কোনওভাবেই কাম্য নয়। জনপ্রতিনিধিদের দায়িত্ব সমাজে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখা। অথচ তাঁদের বক্তব্যের মাধ্যমে যদি কোনও সম্প্রদায়ের মানুষের ভাবাবেগে আঘাত লাগে, তা অত্যন্ত দুর্ভাগ্যজনক।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিধায়ক তফাজ্জল হোসেনকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি জানিয়েছে চারটি সংগঠন। তাঁদের বক্তব্য, জনজাতি সম্প্রদায়ের সম্মান ও মর্যাদার প্রশ্নে কোনও আপস করা হবে না।

এদিকে সংগঠনগুলির প্রতিনিধিরা জানান, বিষয়টি ইতিমধ্যেই বিরোধী দলনেতাকে অবগত করা হয়েছে। পশ্চিম থানায় এফআইআর দায়েরের বিষয়টিও তাঁকে জানানো হয়েছে। তবে এখনও পর্যন্ত বিধানসভার স্পিকারের কাছে কোনও আনুষ্ঠানিক অভিযোগ জানানো হয়নি। আগামী দিনে পরিস্থিতি বিবেচনা করে প্রয়োজন হলে স্পিকারের দ্বারস্থ হওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তাঁরা।

আরও পড়ুন:  টেট-২ উত্তীর্ণ ৭৩৬ প্রার্থীর দ্রুত নিয়োগের দাবি, শিক্ষাভবনে ডেপুটেশন

Suman Debnath

Journalist

Related Stories

No comments to show.

Leave a Comment