---Advertisement---

লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষ সরণি? তালিকায় আরও একাধিক রাস্তা

By Suman Debnath

September 14, 2026 4:00 PM

লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষ সরণি? তালিকায় আরও একাধিক রাস্তা

---Advertisement---


রাজ্যে নতুন সরকার ক্ষমতায় আসার পর কলকাতার একাধিক রাস্তার নাম বদলের প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যেই সোহরাবর্দি অ্যাভিনিউয়ের নাম পরিবর্তন করে করা হয়েছে গোপাল মুখার্জি রোড। এবার সেই তালিকায় যোগ হতে পারে লেনিন সরণি। বিজেপি নেতা তথাগত রায় জানিয়েছেন, খুব শীঘ্রই লেনিন সরণির নাম বদলে দেবপ্রসাদ ঘোষ সরণি করার প্রস্তাব কমিটির কাছে দেওয়া হবে।

শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের পর ভারতীয় জনসংঘের সর্বভারতীয় সভাপতি হয়েছিলেন দেবপ্রসাদ ঘোষ। তাঁর নামেই লেনিন সরণির নামকরণের প্রস্তাব সামনে এসেছে। তবে শুধু লেনিন সরণি নয়, কলকাতার আরও কয়েকটি রাস্তার নাম পরিবর্তনের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন তথাগত রায়।

নতুন সরকারের নীতির সঙ্গে সামঞ্জস্য রেখে কলকাতার বিভিন্ন রাস্তা, সেতু ও অ্যাভিনিউয়ের নাম পুনর্বিবেচনার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির চেয়ারম্যান কার্তিক মহারাজ। সদস্যদের মধ্যে রয়েছেন তথাগত রায়ও। গোপাল মুখার্জি রোডের নামকরণ নিয়ে বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছিলেন, কলকাতায় মুঘল, পাঠান বা অত্যাচারী ব্রিটিশদের নামে কোনও রাস্তার নাম থাকবে না। ভগিনী নিবেদিতা ছাড়া বিদেশিদের নামে থাকা রাস্তার নামও পরিবর্তনের কথা জানিয়েছিলেন তিনি।

তথাগত রায়ের প্রস্তাব অনুযায়ী, লেনিন সরণির নতুন নাম হতে পারে দেবপ্রসাদ ঘোষ সরণি। কার্ল মার্কস সরণির নাম বদলে রঙ্গলাল বন্দ্যোপাধ্যায় অথবা মাইকেল মধুসূদন দত্তের নামে করার ভাবনা রয়েছে। অন্যদিকে, হো-চি-মিন সরণির নাম পরিবর্তন করে মার্টিন লুথার কিংয়ের নামে করার প্রস্তাবও আসতে পারে।

তথাগত রায় জানিয়েছেন, প্রাথমিকভাবে কার্তিক মহারাজের সঙ্গে রাস্তার নাম পরিবর্তন নিয়ে আলোচনা হয়েছে। এবার আনুষ্ঠানিক ভাবে প্রস্তাব দেওয়া হবে। কমিটিতে তা পাশ হলেই পরবর্তী পদক্ষেপ করা হবে। পাশাপাশি কলকাতার কোনও একটি গুরুত্বপূর্ণ জনপথ—স্ট্র্যান্ড রোড অথবা মেয়ো রোড—সর্দার বল্লভভাই প্যাটেলের নামে করার বিষয়েও চিন্তাভাবনা চলছে।

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment