,

ত্রিপুরায় সংগঠন বিস্তারে ককরোজ জনতা পার্টি, যুব সমাজকে নিয়ে আন্দোলনের প্রস্তুতি

By Suman Debnath

November 4, 2026 4:12 PM

ত্রিপুরায় সংগঠন বিস্তারে ককরোজ জনতা পার্টি, যুব সমাজকে নিয়ে আন্দোলনের প্রস্তুতি

আগরতলা: দিল্লির গণ্ডি ছাড়িয়ে এবার রাজ্যে রাজ্যে সাংগঠনিক বিস্তার এবং বিভিন্ন জনস্বার্থমূলক ইস্যুতে আন্দোলনের প্রস্তুতি নিচ্ছে ককরোজ জনতা পার্টি (CJP)। ত্রিপুরায় সংগঠনের সাংগঠনিক ভিত মজবুত করার পাশাপাশি যুব সমাজকে একত্রিত করে রাজ্যের বিভিন্ন সমস্যা নিয়ে সরব হওয়ার উদ্যোগ গ্রহণ করেছে সংগঠনটি।

বুধবার ত্রিপুরা শাখার উদ্যোগে আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন CJP-র নেতা শাহিদ এবং মণিপুর থেকে আগত সংগঠনের নেতা নূর শাহ। এছাড়াও ত্রিপুরায় সংগঠনের নেতৃত্বে থাকা শুভম, প্রণব ও অপ্রজিত-সহ অন্যান্য স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিক সম্মেলনে শাহিদ জানান, ত্রিপুরার পাশাপাশি উত্তর-পূর্ব ভারতের অন্যান্য রাজ্যেও সংগঠনের স্বেচ্ছাসেবকদের সঙ্গে যোগাযোগ ও সাংগঠনিক আলোচনা চলছে। এরই ধারাবাহিকতায় ত্রিপুরায় এসে স্থানীয় স্বেচ্ছাসেবকদের সঙ্গে বৈঠক করা হয়েছে। সংগঠনকে তৃণমূল স্তরে আরও শক্তিশালী করা এবং আঞ্চলিক সমস্যা ও ছাত্রছাত্রীদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে কীভাবে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

আরও পড়ুন:  ৩০ লিটার দেশী মদসহ বাইক উদ্ধার করলেন এসপিও সুকান্ত!

তিনি আরও বলেন, ত্রিপুরায় বেকারত্ব, স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা ব্যবস্থা এবং বিদ্যুৎ সমস্যার মতো একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু রয়েছে। এই সমস্যাগুলিকে সামনে রেখে যুব সমাজকে সংগঠিত করে একটি শক্তিশালী মঞ্চ গড়ে তোলাই তাঁদের মূল লক্ষ্য।

সংগঠনটি সম্পূর্ণ অরাজনৈতিক চাপ সৃষ্টিকারী মঞ্চ হিসেবে কাজ করবে বলেও স্পষ্ট করেন শাহিদ। তাঁর দাবি, কোনও রাজনৈতিক দলের সঙ্গে তাঁদের সম্পর্ক নেই। সরকারে যে দলই থাকুক না কেন, প্রত্যেক সরকারকে সংবিধান মেনে চলতে হবে এবং জনগণের কাছে জবাবদিহি করতে হবে।

আগামী কয়েক দিনের মধ্যে ত্রিপুরা ইউনিটের সাংগঠনিক কাঠামো এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা চূড়ান্ত করে সংবাদমাধ্যমের সামনে তুলে ধরা হবে বলেও জানান তিনি।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment