---Advertisement---

খোয়াইয়ে পুলিশের নৈশ টহলে ভেস্তে গেল বাইক চুরির ছক!

By Suman Debnath

July 8, 2026 10:38 PM

খোয়াইয়ে পুলিশের নৈশ টহলে ভেস্তে গেল বাইক চুরির ছক

---Advertisement---

যশপাল সিং, ত্রিপুরা: খোয়াই থানা পুলিশের তৎপরতা ও সতর্ক নৈশ টহলদারির জেরে রক্ষা পেল এক ব্যক্তির বাইক। মঙ্গলবার গভীর রাত, আনুমানিক আড়াইটে নাগাদ খোয়াই থানাধীন বনকর এলাকা থেকে একটি মোটরবাইক চুরির চাঞ্চল্যকর ঘটনা ঘটে। তবে পুলিশের রুটিন চেকিংয়ের জেরে চোরেরা সফল হতে পারেনি। পুলিশ সূত্রে জানা গেছে, গভীর রাতে চোরের দল বনকর এলাকার একটি বাড়ি থেকে বাইকটি নিয়ে চম্পট দিয়েছিল।

কিন্তু রাতের অন্ধকারে তারা যখন বনকরস্থিত দশমীঘাট এলাকায় পৌঁছায়, ঠিক তখনই সেখানে খোয়াই থানার পুলিশের রুটিন টহলদারির আঁচ পেয়ে যায় চোরেরা। সামনেই পুলিশ রয়েছে বুঝতে পেরে এবং ধরা পড়ার ভয়ে চোরের দল তড়িঘড়ি বাইকটি ফেলে রেখেই অন্ধকারের সুযোগ নিয়ে এলাকা থেকে চম্পট দেয়।

আরও পড়ুন:  খোয়াই বি.আর.সি. হলে ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ১২৫ তম জন্মজয়ন্তী উদ্‌যাপন: বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা!

দশমীঘাট এলাকায় একটি পরিত্যক্ত বাইক পড়ে থাকতে দেখে এগিয়ে যান কর্তব্যরত পুলিশ কর্মীরা। খোয়াই থানার সাব-ইন্সপেক্টর মদন সরকার এবং তাঁর টিমের বিচক্ষণ নেতৃত্বে TR06B-8979 নম্বরের হিরো কোম্পানির মোটরবাইকটি অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়। পরবর্তীতে পুলিশি তদন্ত ও নথিপত্র যাচাই করে বাইকের প্রকৃত মালিকের সন্ধান মেলে। জানা গেছে, বাইকটির আসল মালিকের নাম রাকেশ দেববর্মা। তাঁর মূল বাড়ি উতলাবাড়ি এলাকায় হলেও, বর্তমানে তিনি খোয়াই থানাধীন বনকর এলাকায় একটি বাড়িতে ভাড়াটে হিসেবে বসবাস করছেন।

আজ খোয়াই থানার তরফে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে উদ্ধার হওয়া বাইকটি প্রকৃত মালিক রাকেশ দেববর্মার হাতে তুলে দেওয়া হয়। মাঝরাতে চুরি যাওয়া সাধের বাইকটি মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে অক্ষত অবস্থায় নিজের হাতে ফিরে পেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেন রাকেশ বাবু। পুলিশের এই অতন্দ্র পাহারা ও দ্রুত কার্যকারিতার জন্য তিনি খোয়াই থানার পুলিশ প্রশাসনকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। চোরেদের খোঁজে এলাকায় তল্লাশি জারি রেখেছে পুলিশ।

আরও পড়ুন:  শান্তিনিকেতন মেডিকেল কলেজ কাণ্ডে সরব বাম শিবির, রাস্তায় নামল সিআইটিইউ!

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment