দিল্লির মাটিতে উবার কাপ জয়ের স্বপ্ন সিন্ধুর!

By Pritam Shil

November 26, 2026 6:25 PM


দিল্লির মাটিতে আবার উবার কাপ খেলতে চান পি ভি সিন্ধু। শুধু খেলাই নয়, এ বার ভারতের মেয়েদের হাতে উবার কাপের ট্রফি দেখতে চান দু’বারের অলিম্পিক পদকজয়ী তারকা। ২০২৮ সালের বিডব্লিউএফ থমাস অ্যান্ড উবার কাপ ফাইনালসের আয়োজক হিসেবে নয়াদিল্লিকে বেছে নেওয়ার পরই নিজের স্বপ্নের কথা জানালেন সিন্ধু।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

২০১৪ সালে দিল্লিতে আয়োজিত উবার কাপে ভারতের হয়ে ব্রোঞ্জ জিতেছিলেন সিন্ধু। সেটিই ছিল এই প্রতিযোগিতায় ভারতের প্রথম পদক। সেই স্মৃতি এখনও তাঁর মনে উজ্জ্বল। সিন্ধুর কথায়, ‘‘২০১৪ সালে দিল্লিতে পাওয়া ব্রোঞ্জ নিয়ে আমি গর্বিত। আবার যদি দেশের মাটিতে উবার কাপ খেলার সুযোগ পাই, এ বার শেষ পর্যন্ত যেতে চাই। সতীর্থদের সঙ্গে সেই মঞ্চে দাঁড়ানোর অনুভূতি আলাদা। ভারতীয় দর্শকদের সামনে একসঙ্গে ট্রফি তুলতে পারলে সেটাই হবে আমার কেরিয়ারের অন্যতম গর্বের মুহূর্ত।’’

আরও পড়ুন:  AIFF-এর সভাপতি পদে অরবিন্দ মেনন, কল্যাণের অঙ্কে নতুন মোড়

২০২৮ সালের প্রতিযোগিতার আয়োজন ভারতের হাতে আসার পিছনে গত কয়েক বছরে দেশে একের পর এক বড় ব্যাডমিন্টন প্রতিযোগিতা আয়োজনের সাফল্যও রয়েছে। ২০২৫ সালে গুয়াহাটিতে বিশ্ব জুনিয়র চ্যাম্পিয়নশিপ এবং ২০২৬ সালে নয়াদিল্লিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছে ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (BAI)।

সিন্ধুর মতে, দেশের মাটিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা হওয়ায় নতুন প্রজন্মের খেলোয়াড়দেরও উৎসাহ বাড়ছে। তিনি বলেন, ‘‘বিশ্ব চ্যাম্পিয়নশিপে অন্য দেশের খেলোয়াড়রা দিল্লির দর্শকদের প্রশংসা করেছিলেন। দেশের মাটিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ খেলার সুযোগ পেয়ে গর্বিত হয়েছিলাম।’’

২০২৮ সাল আবার অলিম্পিকের বছর। সিন্ধুর আশা, সেই সময়ে দেশের তরুণ শাটলাররা গ্যালারিতে বসে ভারতীয় দলকে বিশ্বের সেরাদের বিরুদ্ধে লড়তে দেখে নিজেদেরও আন্তর্জাতিক মঞ্চে জায়গা করে নেওয়ার স্বপ্ন দেখবেন।

আরও পড়ুন:  ফাইনালের আগে মেসির শেষ বার্তাতেই কি অবসরের ইঙ্গিত? শুরু জল্পনা

২০২৬ সালে দেশের বাইরে সুপার ৩০০ বা তার উপরের স্তরে ভারতীয় শাটলাররা ন’টি বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্যুর খেতাব জিতেছেন। সেই সাফল্য নিয়েই ২০২৮-এ ঘরের মাঠে নামতে চায় ভারত। এবার লক্ষ্য—উবার কাপের সোনার পদক।

No comments to show.

Leave a Comment