আসন্ন হকি বিশ্বকাপের আগে ভারতীয় পুরুষ ও মহিলা দলের নতুন গেরুয়া জার্সি নিয়ে বিতর্ক ক্রমশ বাড়ছে। প্রাক্তন অধিনায়ক বীরেন রাসকিনহার পর এ বার তীব্র আপত্তি জানালেন ভারতীয় হকির কিংবদন্তি ধনরাজ পিল্লাই। তাঁর স্পষ্ট বক্তব্য, ভারতীয় হকির পরিচয় বরাবরই নীল জার্সি, গেরুয়া কখনও এই খেলার ঐতিহ্যবাহী রং ছিল না।
হকি ইন্ডিয়া সম্প্রতি ঘোষণা করেছে, আগামী ১৫ আগস্ট থেকে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে হকি বিশ্বকাপে ভারতীয় দল গেরুয়া রংয়ের জার্সি গায়ে খেলতে নামবে। সংস্থার দাবি, কোচ ও খেলোয়াড়দের পরামর্শ এবং জাতীয় পতাকার গুরুত্ব মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে সেই ব্যাখ্যায় সন্তুষ্ট নন ধনরাজ। তিনি বলেন, ‘নীল জার্সিই ভারতীয় হকির পরিচয় হয়ে উঠেছে। জাতীয় পতাকার একটি রং হিসেবে গেরুয়ার গুরুত্ব এবং শুভ অর্থ অবশ্যই রয়েছে। কিন্তু ভারতীয় হকির ঐতিহ্যগত রং কোনও দিনই গেরুয়া ছিল না। এত বছর পরে হঠাৎ এই পরিবর্তন কেন করা হল, তা আমি বুঝতে পারছি না’।
ভারতের হয়ে ৩৩৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ধনরাজ অতীতের ইতিহাস টেনে এনে বলেন, ‘১৯২৮-এর অলিম্পিক দল থেকে শুরু করে ধ্যানচাঁদ, বলবীর সিং সিনিয়র, মহম্মদ শাহিদ, জাফর ইকবাল কিংবা ১৯৮০-র মস্কো অলিম্পিকে সোনাজয়ী দল— সকলেই নীল জার্সি পরেই খেলেছেন। আমি নিজেও প্রায় ১৫ বছর ভারতের হয়ে খেলেছি। আমার পুরো কেরিয়ারেই আমাদের জার্সি ছিল নীল’।
ধনরাজের মতে, জাতীয় দলের জার্সির সঙ্গে খেলোয়াড়দের আবেগ জড়িয়ে থাকে। তাই এই পরিবর্তনকে তিনি সহজভাবে নিতে পারছেন না। তাঁর কথায়, “এটা আইপিএল বা হকি ইন্ডিয়া লিগের মতো কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নয়, যেখানে দলগুলো বিভিন্ন রঙের জার্সি পরে। ভারতীয় দলের পরিচয় সব সময়ই নীল জার্সি’।
একটি ব্যতিক্রমের কথাও উল্লেখ করেছেন প্রাক্তন অধিনায়ক। স্মৃতি হাতড়ে তিনি বলেন, ‘আমার যতদূর মনে পড়ে, শুধু ১৯৯২-এর বার্সেলোনা অলিম্পিকে আর্জেন্টিনার বিরুদ্ধে একটি ম্যাচে আমরা হলুদ জার্সি ও নীল শর্টস পরে খেলেছিলাম’।
হকি ইন্ডিয়ার যুক্তি, নীল অ্যাস্ট্রো টার্ফে নীল জার্সি অনেক সময় দৃশ্যমানতার সমস্যা তৈরি করে। কিন্তু সেই ব্যাখ্যাও মানতে নারাজ ধনরাজ। তিনি বলেন, ‘আমরা বহু বছর ধরে নীল টার্ফেই খেলছি। জার্সির রঙের জন্য কোনও সমস্যা হতে আমি কখনও দেখিনি। আন্তর্জাতিক হকি ফেডারেশন (FIH) কি এ নিয়ে কোনও নির্দেশিকা দিয়েছে? আমার তো জানা নেই’।
বিশ্বকাপের আগে জার্সির রং পরিবর্তনের সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই দেশের হকি মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। একদিকে হকি ইন্ডিয়া টেকনিক্যাল ও প্রতীকী কারণের কথা বলছে, অন্যদিকে, একাধিক প্রাক্তন অধিনায়ক মনে করছেন, ভারতীয় হকির দীর্ঘদিনের ঐতিহ্য ও পরিচয়ের সঙ্গে জড়িয়ে থাকা নীল জার্সি বদলানোর কোনও প্রয়োজন ছিল না। জার্সির রঙ নিয়ে এই বিতর্ক শেষ পর্যন্ত হকি দলের পারফরম্যান্সে প্রভাব ফেললে, তা ক্ষতিই করবে।
Leave a Comment