ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর অবসর নিয়ে জল্পনার মধ্যেই বিশেষজ্ঞদের দাবি, তাঁর বিদায়ে স্পনসরশিপ ও বাণিজ্যিক আয়ে বড় ধাক্কা খেতে পারে পর্তুগাল ফুটবল ফেডারেশন।
৪১ বছর বয়সেও দেশের জার্সিতে খেলে নজির গড়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। বিশ্বকাপ থেকে আবেগঘন বিদায় নিলেও এখনও অবসর ঘোষণা করেননি তিনি। কিন্তু তাঁর ভবিষ্যৎ ঘিরে জল্পনার মধ্যেই সামনে এসেছে এমন এক বিশ্লেষণ, যা পর্তুগাল ফুটবল ফেডারেশন (Portuguese Football Federation)-এর আর্থিক ভবিষ্যৎ নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। বিশেষজ্ঞদের মতে, রোনাল্ডো জাতীয় দল ছাড়লে স্পনসরশিপ ও বাণিজ্যিক আয়ে বড় ধাক্কা লাগতে পারে।
পর্তুগিজ ইনস্টিটিউট অফ মার্কেটিং অ্যাডমিনিস্ট্রেশন (Portuguese Institute of Marketing Administration)-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ড্যানিয়েল সা (Daniel Sá)-র দাবি, ব্র্যান্ড ভ্যালুর বিচারে একা রোনাল্ডোর জনপ্রিয়তা অনেক ক্ষেত্রেই পুরো পর্তুগাল জাতীয় ফুটবল দলের চেয়েও বেশি। তাঁর মতে, গত দুই দশকে রোনাল্ডোর বিশ্বব্যাপী জনপ্রিয়তাকে কেন্দ্র করেই একাধিক বাণিজ্যিক চুক্তি এবং স্পনসরশিপ থেকে উল্লেখযোগ্য আয় করেছে ফেডারেশন।
ড্যানিয়েল সা-র কথায়, রোনাল্ডো অবসর নিলে শুধু একজন কিংবদন্তি ফুটবলারকে হারাবে না পর্তুগাল, বরং আন্তর্জাতিক প্রচারের আলো থেকেও অনেকটাই সরে যেতে পারে দেশের ফুটবল। তাঁর মতে, দীর্ঘদিন ধরে রোনাল্ডোর ব্র্যান্ড ইমেজকে কেন্দ্র করে তৈরি হওয়া অর্থনৈতিক কাঠামোয় বড় ধাক্কা আসবে এবং স্পনসরদের আগ্রহও কমতে পারে।
তবে তিনি এটাও মনে করিয়ে দিয়েছেন, রোনাল্ডোর ব্যক্তিগত প্রভাব অবসরের পরও শেষ হবে না। বিশ্বের অন্যতম জনপ্রিয় ক্রীড়াবিদ হিসেবে তাঁর কোটি কোটি অনুসারী রয়েছে। পর্তুগালের বিভিন্ন শিল্প ও ব্যবসায়ও তাঁর বিনিয়োগ রয়েছে। ফলে ব্যক্তিগত ব্র্যান্ড হিসেবে ‘সিআর৭’ (CR7)-এর মূল্য ভবিষ্যতেও বজায় থাকবে, এমনকি আরও বাড়তে পারে। কিন্তু সেই জনপ্রিয়তার আর্থিক সুবিধা সরাসরি পর্তুগাল ফুটবল ফেডারেশনের কোষাগারে পৌঁছাবে, এমন নিশ্চয়তা নেই।
বিশ্লেষকদের মতে, এই কারণেই অনেক আগেই নতুন প্রজন্মের আন্তর্জাতিক মানের তারকা তৈরি করার দিকে আরও জোর দেওয়া উচিত ছিল ফেডারেশনের। এমন ফুটবলার দরকার, যাঁরা শুধু মাঠের পারফরম্যান্সেই নয়, বিশ্বব্যাপী ব্র্যান্ড হিসেবেও পর্তুগাল ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে পারবেন।
প্রসঙ্গত, সদ্য শেষ হওয়া বিশ্বকাপে পর্তুগালের পারফরম্যান্স প্রত্যাশা পূরণ করতে পারেনি। গ্রুপ পর্বে কঙ্গো ও কলম্বিয়ার বিরুদ্ধে ড্র করার পর কোনওমতে নকআউটে ওঠে দল। রাউন্ড অব ৩২-এ ক্রোয়েশিয়াকে হারালেও প্রি-কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন স্পেনের কাছে হেরে বিদায় নিতে হয় রোনাল্ডোদের। ম্যাচ শেষে আবেগপ্রবণ রোনাল্ডোর চোখের জল বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মন ছুঁয়ে যায়। এখন প্রশ্ন একটাই—আর কতদিন দেশের জার্সিতে দেখা যাবে এই কিংবদন্তিকে?
Leave a Comment