ভারতের পুরুষ ও মহিলা হকি দলের নতুন গেরুয়া জার্সি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে তুমুল বিতর্ক। সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় ওঠার পাশাপাশি প্রশ্ন তুলেছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক বিরেন রাসকিনহাও। সেই আবহেই বৃহস্পতিবার রীতিমতো বিবৃতি দিয়ে জার্সির রং পরিবর্তনের কারণ ব্যাখ্যা করল হকি ইন্ডিয়া।
হকি ইন্ডিয়া জানিয়েছে, আগামী মাসে নেদারল্যান্ডস ও বেলজিয়ামে ২০২৬ হকি বিশ্বকাপের জন্য পুরুষ ও মহিলা—দুই দলই ঐতিহ্যবাহী নীল জার্সির বদলে গেরুয়া জার্সি পরবে। তবে এই সিদ্ধান্তের পিছনে কোনও রাজনৈতিক বা অন্য উদ্দেশ্য নেই, বরং এটি সম্পূর্ণ অন্য কারণেই নেওয়া হয়েছে।
ফেডারেশনের বিবৃতিতে বলা হয়েছে, ‘জার্সির রং পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে খেলোয়াড় এবং সাপোর্ট স্টাফদের সুপারিশ ও বিস্তারিত আলোচনার ভিত্তিতে। মূল কারণ ছিল টেকনিক্যাল। দেখা গিয়েছে, নীল জার্সি আন্তর্জাতিক হকির নীল সিন্থেটিক টার্ফের সঙ্গে অনেকটাই মিশে যাচ্ছে। এর ফলে মাঠে খেলোয়াড়দের দৃশ্যমানতায় সমস্যা তৈরি হচ্ছিল’।
হকি ইন্ডিয়ার দাবি, খেলোয়াড়দের মাঠে একে অপরকে দ্রুত চিহ্নিত করতে সুবিধা হবে বলেই এই পরিবর্তন আনা হয়েছে। অর্থাৎ জার্সির নতুন রং বেছে নেওয়ার ক্ষেত্রে দৃশ্যমানতাকেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে হকি ইন্ডিয়ার সভাপতি দিলীপ তিরকে বলেন, ‘স্বীকার করছি যে, বহু বছর ধরে ভারতীয় দলের নীল জার্সি পরারই চল ছিল। আমরা নীল জার্সি পরে অসংখ্য টুর্নামেন্ট, বহু গুরুত্বপূর্ণ প্রতিযোগিতায় খেলেছি। আমিও নীল জার্সি পরেই খেলেছি। তবে এবার যে পরিবর্তন করা হয়েছে, এটা কিন্তু প্রথমবার নয়। ২০১৪ সালেও, আমার যতদূর মনে পড়ে, দল হলুদ জার্সি পরেছিল। ২০১৮ সালেও হালকা নীল রঙের জার্সি ব্যবহার করা হয়েছিল। এবার জার্সির রং পরিবর্তনের প্রস্তাব সরাসরি আমাদের কোচ, সাপোর্ট স্টাফ, খেলোয়াড় এবং দলীয় অধিনায়কদের কাছ থেকেই এসেছিল’।
বিতর্কের সূত্রপাত হয় গত ২৭ জুলাই, যখন হকি ইন্ডিয়া সামাজিক মাধ্যমে নতুন জার্সির ভিডিও প্রকাশ করে। এর পরই প্রাক্তন ভারত অধিনায়ক বিরেন রাসকিনহা ক্ষোভ প্রকাশ করে লেখেন, ভারতের হকির পরিচয়ই হল নীল জার্সি। তাঁর বক্তব্য দ্রুত ভাইরাল হয়ে যায়। পরে তিনি স্পষ্ট করে জানান, ‘এ নিয়ে অপ্রয়োজনীয় রাজনৈতিক মন্তব্য হচ্ছে। আমি সেই বিতর্কে যেতে চাই না। আমার বক্তব্য শুধুই গর্ব, পরিচয় এবং ঐতিহ্য নিয়ে। ভারত যেমন হকির সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত, তেমনই আর্জেন্টিনা ফুটবলের সঙ্গে। আর্জেন্টিনাকে কি কখনো প্রথম জার্সি হিসেবে কমলা-সাদা ডোরাকাটা পোশাক পরতে দেখা যাবে?’
হকি ইন্ডিয়া সভাপতি দিলীপ তিরকে এই নিয়ে আরো বলেন, ‘জার্সির জন্য দুটি রঙের প্রস্তাব এসেছিল— হলুদ এবং গেরুয়া (কমলা)। তখন মনে করা হয়েছিল, গেরুয়া আমাদের জাতীয় পতাকারও একটি গুরুত্বপূর্ণ রং। সেই কারণেই গেরুয়া রং বেছে নেওয়া হয় এবং সেই অনুযায়ী জার্সির নকশা তৈরি করা হয়েছে। তবে টুর্নামেন্টের পরে বা ভবিষ্যতে যদি খেলোয়াড়দের মনে হয় অন্য কোনো রং আরো উপযুক্ত হবে, তাহলে আমরা অবশ্যই আবার জার্সির রং নিয়ে চিন্তাভাবনা করব এবং প্রয়োজনীয় পরিবর্তনের কথা বিবেচনা করব’।
হকি ইন্ডিয়া নিজেদের সিদ্ধান্তে অনড়। তাদের সভাপতির মতে, নতুন জার্সির রং বদলালেও দেশের হয়ে খেলার আবেগ ও গর্বে কোনো পরিবর্তন হবে না। আগামী বিশ্বকাপেই প্রথমবার এই নতুন গেরুয়া জার্সিতে দেখা যাবে ভারতীয় পুরুষ ও মহিলা হকি দলকে।
Leave a Comment