---Advertisement---

আফ্রিকায় ফিরছে ক্রিকেট বিশ্বকাপ, ১২ ভেন্যুতে ৫৭ ম্যাচ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে, ঘোষণা আইসিসির

By Suman Debnath

July 31, 2026 11:10 AM

আফ্রিকায় ফিরছে ক্রিকেট বিশ্বকাপ, ১২ ভেন্যুতে ৫৭ ম্যাচ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে, ঘোষণা আইসিসির

---Advertisement---


২৪ বছর পর ফের আফ্রিকার মাটিতে বসতে চলেছে ৫০ ওভারের ক্রিকেটের বিশ্বকাপ। ২০২৭-এর বিশ্বকাপের জন্য ১২টি ভেন্যুর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল, আইসিসি। দক্ষিণ আফ্রিকা, জিম্বাবোয়ে এবং নামিবিয়া মিলিতভাবে আয়োজন করবে এই মেগা টুর্নামেন্ট।

ঘোষণা অনুযায়ী, মোট ১২টি স্টেডিয়ামের মধ্যে আটটিই রয়েছে দক্ষিণ আফ্রিকায়। বাকি চারটি ভেন্যুর মধ্যে তিনটি জিম্বাবোয়েতে এবং একটি নামিবিয়ার রাজধানী উইন্ডহোকে। ২০০৩-এর পর এই প্রথম আফ্রিকায় ফিরছে ৫০ ওভারের বিশ্বকাপ। সেই আসরেও আয়োজক ছিল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবোয়ে, সঙ্গে ছিল কেনিয়া। এবার প্রথমবারের মতো বিশ্বকাপের সহ-আয়োজক হিসেবে থাকছে নামিবিয়া।

দক্ষিণ আফ্রিকার যে আটটি শহরে ম্যাচ হবে সেগুলি হল— জোহানেসবার্গ, কেপ টাউন, সেঞ্চুরিয়ন, ডারবান, পার্ল, গকেবেরহা (পোর্ট এলিজাবেথ), ব্লুমফন্টেইন এবং ইস্ট লন্ডন। জিম্বাবোয়েতে ম্যাচ হবে হারারে, বুলাওয়েও এবং নতুন নির্মীয়মাণ ভিক্টোরিয়া ফলস স্টেডিয়ামে। নামিবিয়ার সব ম্যাচ হবে উইন্ডহোকে।

বিশ্বকাপে এবার চালু হচ্ছে নতুন তিন-পর্যায়ের ফরম্যাট, যার লক্ষ্য আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ও আকর্ষণীয় ক্রিকেট উপহার দেওয়া এবং দর্শকদের অভিজ্ঞতাকে আরও মনোরঞ্জনময় করে তোলা।

আরও পড়ুন:  ইতিহাসের সাক্ষী যুবভারতী! পুজোর আগেই ভারতের মুখোমুখি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল, ঘোষণা দিন-ক্ষণ

প্রথম ধাপ: সুপার সিরিজ
র‌্যাঙ্কিংয়ের ১২ থেকে ১৪ নম্বর দলকে নিয়ে অনুষ্ঠিত হবে সুপার সিরিজ। এই তিনটি দল রাউন্ড-রবিন পদ্ধতিতে একে অপরের বিরুদ্ধে খেলবে। এই পর্বের শীর্ষস্থানীয় দল মূল প্রতিযোগিতার পরবর্তী ধাপে জায়গা করে নেবে।

দ্বিতীয় ধাপ: ১২ দলের গ্রুপ পর্ব
এরপর শুরু হবে ৩০ ম্যাচের মূল পর্ব, যেখানে মোট ১২টি দল অংশ নেবে। দলগুলিকে ছয়টি করে দুটি গ্রুপে ভাগ করা হবে এবং প্রতিটি গ্রুপে রাউন্ড-রবিন পদ্ধতিতে ম্যাচ হবে। দুই গ্রুপের সেরা তিনটি করে মোট ছটি দল এবং দুই গ্রুপের চতুর্থ স্থানে থাকা দলগুলির মধ্যে সেরা একটি দল সুপার সেভেন পর্বে উঠবে।

তৃতীয় ধাপ: সুপার সেভেন
সুপার সেভেন পর্বে সাতটি দল মোট ২১টি রাউন্ড-রবিন ম্যাচ খেলবে। এই পর্বের শেষে সেরা চারটি দল সেমিফাইনালে যোগ্যতা অর্জন করবে।

সেমিফাইনালের নিয়ম
সুপার সেভেন পর্বে শীর্ষে থাকা দল মুখোমুখি হবে চতুর্থ স্থানে থাকা দলের। অন্য সেমিফাইনালে দ্বিতীয় স্থানে থাকা দল খেলবে তৃতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে।

আরও পড়ুন:  বিশ্বকাপ ফাইনালে বিরতির সময় কি ৩০ মিনিট? জল্পনায় ইতি টানল ফিফা

বৃহস্পতিবার রাতে বিশ্বকাপের আয়োজক শহরগুলির নাম ঘোষণার অনুষ্ঠানে ঐক্য, বৈচিত্র্য এবং সামাজিক বন্ধনের চেতনাকেই ২০২৭ ক্রিকেট বিশ্বকাপের মূল দর্শন হিসেবে তুলে ধরা হয়। তিনটি আয়োজক দেশ বিশ্ব ক্রিকেটকে স্বাগত জানাতে প্রস্তুত আফ্রিকার প্রাচীন দর্শন ‘উবুন্টু’-র অনুপ্রেরণায়। যার মূল মন্ত্র— ‘আমি আছি, কারণ আমরা আছি।’

উবুন্টু দর্শনের ভিত্তি হল এই বিশ্বাস যে, মানবতার আসল পরিচয় নিহিত রয়েছে সহমর্মিতা, সৌহার্দ্য, দয়া এবং একে অপরের সঙ্গে গভীর সংযোগের মধ্যে। এই মানসিকতাই বিশ্বের নানা প্রান্ত থেকে আসা ক্রিকেটপ্রেমীদের আফ্রিকার মাটিতে আপন করে নেবে।

এই অনন্য একাত্মতার দর্শনই ২০২৭ বিশ্বকাপকে আগের সব আসরের তুলনায় একেবারে আলাদা ও বিশেষ করে তুলবে। আইসিসির আশা, এই টুর্নামেন্ট শুধু ক্রিকেটের উৎসবই হবে না, গোটা আফ্রিকা মহাদেশের ঐক্য ও বৈচিত্র্যকেও বিশ্বের সামনে তুলে ধরবে।

বিশ্বকাপের সূচি পরে প্রকাশ করা হবে। তবে ইতিমধ্যেই ভেন্যু ঘোষণার মাধ্যমে ২০২৭ বিশ্বকাপের ঢাকে কাঠি পড়ে গেল বলাই যায়। দলগুলিও এ বার প্রস্তুতি শুরু করে দেবে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment