---Advertisement---

চার্লসের ‘টার্ডিস’ এন্ট্রি, স্কটিশ সংস্কৃতির রঙে রাঙানো কমনওয়েলথ গেমস উদ্বোধনে ভারতের পতাকা মীরাবাই, লাভলিনার হাতে

By Suman Debnath

July 24, 2026 10:00 AM

চার্লসের ‘টার্ডিস’ এন্ট্রি, স্কটিশ সংস্কৃতির রঙে রাঙানো কমনওয়েলথ গেমস উদ্বোধনে ভারতের পতাকা মীরাবাই, লাভলিনার হাতে

---Advertisement---


স্কটল্যান্ডের গ্লাসগোয় বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহকের দায়িত্ব পালন করেন অলিম্পিক পদকজয়ী মীরাবাই চানু ও লভলিনা বরগোহাই। ৭৪টি দেশ ও অঞ্চলের তিন হাজারেরও বেশি ক্রীড়াবিদকে নিয়ে শুরু হওয়া এই খেলার আসর চলবে ১১ দিন। ২০১৪-র পর দ্বিতীয় বার গ্লাসগো এই আসরের আয়োজক হলেও, এবার খরচ কমানোর লক্ষ্যেই অনেক ছোট পরিসরে গেমসের আয়োজন করা হয়েছে।

ভারত এ বারের কমনওয়েলথ গেমসে ১২৩ জন ক্রীড়াবিদকে নিয়ে অংশ নিচ্ছে। তাঁরা আটটি মূল বিভাগ এবং পাঁচটি প্যারা-স্পোর্টসে দেশের প্রতিনিধিত্ব করবেন। ২০২২-এর বার্মিংহাম কমনওয়েলথ গেমসে ভারত ২২টি সোনা-সহ মোট ৬১টি পদক জিতেছিল। তবে এ বার পদকের সংখ্যা কমতে পারে বলেই মনে করা হচ্ছে। কারণ, ভারত সবচেয়ে বেশি পদক যে খেলাগুলি থেকে পায়, সেই শুটিং, হকি, ব্যাডমিন্টন, কুস্তি এবং ক্রিকেট এ বারের গেমসের সূচিতে নেই।

আরও পড়ুন:  ফকল্যান্ড যুদ্ধ, ঈশ্বরের হাতের ইতিহাস ভুলে মেসিদের কোচ স্কালোনি বলছেন, ‘এটা আর পাঁচটা ম্যাচের মতোই’

পরবর্তী কমনওয়েলথ গেমস ২০৩০ সালে ভারতের আহমেদাবাদে অনুষ্ঠিত হবে। সেটি পূর্ণাঙ্গ আসর হবে, যেখানে মোট ১৭টি খেলা অন্তর্ভুক্ত থাকবে।এ বারের উদ্বোধনী অনুষ্ঠান ছিল একাধিক কারণে ঐতিহাসিক। কমনওয়েলথ গেমসের ইতিহাসে প্রথম বার কোনও ইনডোর অ্যারেনায়— ওভিও হাইড্রোতে— উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল। স্কটিশ সংস্কৃতি, সঙ্গীত, ঐতিহ্য এবং আধুনিকতার মেলবন্ধনে সাজানো অনুষ্ঠানে দর্শকদের মুগ্ধ করে নানা পরিবেশনা।

সবচেয়ে নজর কাড়েন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। জনপ্রিয় টিভি সিরিজ ‘ডক্টর হু’-এর বিখ্যাত টাইম মেশিন টার্ডিস থেকে প্রতীকী আবির্ভাব ঘটে তাঁর ও রানি ক্যামিলার। স্কটল্যান্ডের বিভিন্ন ঐতিহাসিক স্থানের মধ্য দিয়ে টার্ডিসের কাল্পনিক যাত্রার পর তাঁরা অনুষ্ঠানে উপস্থিত হন। পরে রাজা চার্লস আনুষ্ঠানিকভাবে গেমসের উদ্বোধন ঘোষণা করেন।

আরও পড়ুন:  ড্রেসিংরুমেই লুকিয়ে ফ্রান্সের সাফল্যের আসল রহস্য! মাঠের বাইরের 'গোপন বৈঠক'-ই বদলে দিচ্ছে এমবাপ্পেদের ভাগ্য

উদ্বোধনী অনুষ্ঠানে একে একে মার্চপাস্টে অংশ নেয় ৭৪টি দেশ ও অঞ্চলের ক্রীড়াবিদরা। স্কটিশ গায়ক-গায়িকা টম ওয়াকার, নিনা নেসবিট, ন্যাথান ইভান্স-সহ একাধিক শিল্পীর পরিবেশনা অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। স্কটল্যান্ডের ইতিহাস, শিল্পসংস্কৃতি এবং বৈচিত্র্যের পাশাপাশি পরিবেশবান্ধব আয়োজনের বার্তাও তুলে ধরা হয়।

অর্থনৈতিক কারণে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়া আয়োজন থেকে সরে দাঁড়ানোর পর গ্লাসগো দায়িত্ব নেয়। তাই এ বারের গেমসে খেলার সংখ্যা কমিয়ে ১০টি মূল খেলা ও ছয়টি প্যারা-স্পোর্ট রাখা হয়েছে। আয়োজকদের লক্ষ্য, কম খরচে সফলভাবে কমনওয়েলথ গেমস আয়োজন করা। শুক্রবার থেকেই শুরু হচ্ছে পদকের লড়াই। ভারতের নজর থাকবে সাঁতার, বক্সিং, জিমন্যাস্টিকস এবং প্যারা পাওয়ারলিফটিংয়ে, যেখানে প্রথম দিনেই পদকের সম্ভাবনা রয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment