,

আগামী ৪০ বছরও ভারতীয় জনতা পার্টিকে কেউ হারাতে পারবে না -মুখ্যমন্ত্রী মানিক সাহা!

By Suman Debnath

November 15, 2026 9:00 AM

আগামী ৪০ বছরও ভারতীয় জনতা পার্টিকে কেউ হারাতে পারবে না -মুখ্যমন্ত্রী মানিক সাহা!

সাব্রুম, ১৫ নভেম্বর: আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরার সাব্রুম মেলার মাঠে অনুষ্ঠিত হলো বিজেপির নির্বাচনী জনসভা। এই জনসভা থেকে সাব্রুমের ৯টি ওয়ার্ডের প্রার্থীদের সমর্থনে প্রচার চালান মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ মানিক সাহা। উল্লেখ্য, ৯ জন প্রার্থীর মধ্যে ৮ জন বিজেপির মনোনীত এবং একজন এনডিএ জোটের শরিক দল তিপ্রা মথার প্রার্থী।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, আসন্ন নগর পঞ্চায়েত নির্বাচনকে বিজেপি ২০২৮ সালের বিধানসভা নির্বাচনের আগে সেমিফাইনাল হিসেবে দেখছে। তাই ফাইনালের আগে এই সেমিফাইনালকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দল।

তিনি বলেন, এনডিএ সরকার হিংসায় বিশ্বাস করে না। বর্তমান সরকারের মূল উদ্দেশ্য মানুষের সেবা করা। তাঁর অভিযোগ, রাজ্যে ৩৫ বছরের বাম শাসন ফিরিয়ে আনার লক্ষ্যে সিপিআইএম বিভিন্ন জায়গায় অশান্তির পরিবেশ তৈরির চেষ্টা করছে। তবে বিরোধীদের কোনও প্ররোচনায় পা না দেওয়ার জন্য দলীয় কর্মী-সমর্থকদের সতর্ক করেন তিনি।

আরও পড়ুন:  ১১ দফা দাবিতে খোয়াই শহর জুড়ে গণমুক্তি পরিষদের পদযাত্রা!

মুখ্যমন্ত্রী আরও দাবি করেন, রাজ্যের মানুষের মধ্যে বর্তমান সরকারের প্রতি যে সমর্থন রয়েছে, তাতে আসন্ন নির্বাচনে ২১টি পৌর সংস্থাতেই বিজেপির জয় নিশ্চিত। বিরোধী দলনেতার বিরুদ্ধে রাজ্যের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগও তোলেন তিনি। পাশাপাশি পূর্ববর্তী বাম শাসনামলের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও প্রশ্ন তোলেন মুখ্যমন্ত্রী।

ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, বিরোধীদের এক ইঞ্চি জমিও ছেড়ে দেওয়া যাবে না। বিরোধীদের বর্তমান রাজনৈতিক অবস্থানকে কটাক্ষ করে তিনি বলেন, এখন তারা বাম-কংগ্রেস জোট বা ‘বামগ্রেস’ হিসেবে পরিচিত। এতে বিজেপির রাজনৈতিক সুবিধা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।

জনসভার শেষ পর্যায়ে আত্মবিশ্বাসের সুরে মুখ্যমন্ত্রী বলেন, আগামী ৪০ বছরও ভারতীয় জনতা পার্টিকে কেউ হারাতে পারবে না।

এদিনের নির্বাচনী জনসভায় মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক প্রমোদ রিয়াং-সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব ও দলীয় কর্মী-সমর্থকরা।

আরও পড়ুন:  পরিশ্রমের লাউ খেতে দুর্বৃত্তদের হানা, ঘটনায় ক্ষোভ তীব্র!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment