তৃণমূল ছাড়ার দু’মাসের মধ্যেই বিতর্কিত জমি পেলেন ইউসুফ পাঠান, ছাড়পত্র দিল গুজরাট সরকার

By Suman Debnath

October 20, 2026 10:27 AM

তৃণমূল ছাড়ার দু’মাসের মধ্যেই বিতর্কিত জমি পেলেন ইউসুফ পাঠান, ছাড়পত্র দিল গুজরাট সরকার

তৃণমূল কংগ্রেস ছাড়ার ঠিক দু’মাসের মাথায় বড়সড় স্বস্তি পেলেন প্রাক্তন ক্রিকেটার তথা সাংসদ ইউসুফ পাঠান। তাঁর বাড়ির পাশের ৯৭৮ বর্গমিটারের একটি বিতর্কিত জমি তাঁকে দেওয়ার সিদ্ধান্ত নিল গুজরাট সরকার। ভাদোদরা পুরসভার অন্তর্গত ওই জমিটি নিয়ে দীর্ঘদিন ধরে আইনি বিবাদ চলছিল।


২০১২ সাল থেকে ভাদোদরার তান্ডালজা এলাকায় নিজেদের বাসভবন সংলগ্ন ওই ফাঁকা জমিটি ৯৯ বছরের লিজে চাইছিলেন ইউসুফ।২০১৪ সালে রাজ্য সরকার সেই আবেদন খারিজ করে দেয়। এরপর ২০২৪ সালে বহরমপুর থেকে তৃণমূলের টিকিটে লোকসভা নির্বাচনে জেতার কয়েকদিনের মধ্যেই ভাদোদরা পুরসভা তাঁকে জমি জবরদখল করার অভিযোগে নোটিস পাঠায়। এই নোটিসের বিরুদ্ধে তিনি গুজরাট হাই কোর্টে মামলা করেছিলেন। তবে গত ৩১ আগস্ট সেই মামলা প্রত্যাহার করে নেন তিনি।

আরও পড়ুন:  মধ্যপ্রদেশে বিষমদ খেয়ে একসঙ্গে ৯ জনের মৃত্যু! উইকএন্ড পার্টিতে উঠেছিল ফোয়ারা


নতুন সরকারি নির্দেশিকা অনুযায়ী, মোট ৯৭৮ বর্গমিটার জমির মধ্যে ৫০০ বর্গমিটার ইউসুফ পাঠানকে বাসস্থানের জন্য উপহার হিসেবে দেওয়া হবে। বাকি ৪৭৮ বর্গমিটার জমি বাজারদরের ৫৫ শতাংশ বিশেষ ছাড়ে তাঁর নামে হস্তান্তর করা হবে। উল্লেখ্য, বাংলায় রাজনৈতিক পালাবদলের পর গত জুন মাসেই তৃণমূল ছেড়ে এনসিপিআই দলে যোগ দিয়েছিলেন ইউসুফ পাঠান-সহ ২০ জন সাংসদ। দলবদলের মাত্র দু’মাসের মধ্যে বিজেপি শাসিত গুজরাট সরকারের কাছ থেকে এই জমি বরাদ্দের ছাড়পত্র পাওয়াকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment