মার্সিডিজ-কাণ্ডে গাফিলতির অভিযোগ, সরানো হল কোচির পুলিশ কমিশনারকে

By Suman Debnath

October 28, 2026 4:25 PM

মার্সিডিজ-কাণ্ডে গাফিলতির অভিযোগ, সরানো হল কোচির পুলিশ কমিশনারকে


মার্সিডিজ-কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে ক্রমশ বিতর্ক বাড়ছিল। অবশেষে গাফিলতির অভিযোগে কোচির পুলিশ কমিশনার কালীরাজ মহেশকে সরিয়ে দিল কেরল প্রশাসন। তাঁর জায়গায় কোচি সিটি পুলিশ প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে আর নিশান্তিনীকে। বিচারকের নাবালক পুত্রের গাড়ির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যুর ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেও কয়েক ঘণ্টার মধ্যে জামিনে ছেড়ে দেওয়া হয়। পাশাপাশি ঘটনার গুরুত্বপূর্ণ তথ্য গোপন করার অভিযোগে এবং পুলিশের প্রাথমিক ভূমিকা নিয়ে ক্ষোভের মধ্যেই এই পদক্ষেপ করা হল।

পুলিশ কমিশনারকে সরিয়ে দিয়ে প্রশাসন ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করল কি না সেই প্রশ্নও উঠতে শুরু করেছে। গত শনিবার কোচির কাছে চেরানাল্লুরে জয়বালকৃষ্ণন নামে বছর ৫৫-এর এক ব্যবসায়ীকে মার্সিডিজ-বেঞ্জ গাড়ি চাপা দেওয়ার অভিযোগ ওঠে ১৭ বছর বয়সি এক কিশোরের বিরুদ্ধে। ঘটনাস্থলেই মৃত্যু হয়় ওই ব্যবসায়ীর। গাড়িটির রেজিস্ট্রেশন রয়েছে এক অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের নামে।

আরও পড়ুন:  গোদাবরীতে ঝাঁপ দিয়ে সপরিবারে আত্মহত্যা অন্ধ্রপ্রদেশের ইঞ্জিনিয়ারের, গ্রেপ্তার রাইফেল শুটিং কোচ

অভিযোগ, দুর্ঘটনার সময় গাড়িটি চালাচ্ছিলেন তাঁরই নাবালক পুত্র। প্রাথমিকভাবে ভারতীয় ন্যায় সংহিতার ১০৬ ধারায় অবহেলার জেরে মৃত্যুর মামলা রুজু করেছিল পুলিশ। কিন্তু বিক্ষোভ ও ক্ষোভ ক্রমাগত বাড়তে থাকায় পরে ১০৫ ধারায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগও যুক্ত করা হয়। অভিযুক্ত কিশোরকে গ্রেপ্তার করা হলেও কয়েক ঘণ্টার মধ্যেই সে জামিন পেয়ে যায়। এরপরেই পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়ে ওঠে।

নিহতের পরিবারের অভিযোগ, প্রভাবশালী বিচারকের পুত্র হওয়ায় শুরু থেকেই ঘটনাটিকে লঘু করে দেখানোর চেষ্টা হয়েছে। মামলাটি ধামাচাপা দেওয়ার ষড়যন্ত্র চলছে বলেও অভিযোগ করে পরিবার। অভিযুক্ত কিশোর ও তাঁর বাবাকে গ্রেপ্তার করারও দাবি ওঠে। তদন্তে উঠে এসেছে আরও চাঞ্চল্যকর তথ্য। পুলিশ জানতে পেরেছে, ঘটনার রাতে সমাজমাধ্যমে ‘রিল’ বানানোর জন্যই বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিল কিশোরটি। সেই সময় মোবাইলের ক্যামেরা চালু ছিল এবং দুর্ঘটনার দৃশ্য ক্যামেরাবন্দি হয়।

আরও পড়ুন:  ক্ষমা চাইতে হবে জুকারবার্গকে! প্রধানমন্ত্রীর ভিডিও বিতর্কে ৩ দিনের আলটিমেটাম সংসদীয় কমিটির

আরও পড়ুন: অসুস্থতার ভান করে রক্ষীদের মারধর, তামিলনাড়ুর থেনির জেল ভেঙে পালালেন ১৭ বন্দি

অভিযোগ, দুর্ঘটনার পরে বিচারক নিজেই ওই ফুটেজ মুছে দেওয়ার চেষ্টা করেন। যদিও তদন্তকারীরা মোবাইল থেকে সেই ফুটেজ পুনরুদ্ধার করেছেন। গাড়ি ও দুর্ঘটনায় দুমড়ে-মুচড়ে যাওয়া স্কুটিটিও ফরেন্সিক পরীক্ষার জন্য বাজেয়াপ্ত করা হয়েছে। কোচির এই ঘটনা ২০২৪ সালের পুণের পোর্শে-কাণ্ডের স্মৃতি ফিরিয়ে দিয়েছে। সেখানেও এক কিশোরের চালানো গাড়ির ধাক্কায় দুই ইঞ্জিনিয়ারের মৃত্যু হয়েছিল। সেই সঙ্গে গ্রেপ্তারের কয়েক ঘণ্টার মধ্যেই অভিযুক্ত জামিন পেয়ে গিয়েছিল। সেই ঘটনাতেও পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment