---Advertisement---

ব্রিকসের নৈশভোজে পুতিন-জিনপিংয়ের পাশে শুভেন্দু, মুম্বাইয়ে আম্বানির সঙ্গে বৈঠক

By kolamkotha.com

September 11, 2026 4:40 PM

ব্রিকসের নৈশভোজে পুতিন-জিনপিংয়ের পাশে শুভেন্দু, মুম্বাইয়ে আম্বানির সঙ্গে বৈঠক

---Advertisement---


মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার বড় আন্তর্জাতিক মঞ্চে উপস্থিত থাকার সম্ভাবনা শুভেন্দু অধিকারীর। শনিবার দিল্লিতে ব্রিকস শীর্ষ সম্মেলনের নৈশভোজে যোগ দিতে পারেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। রাষ্ট্রপতি ভবনে আয়োজিত ওই নৈশভোজে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পাশাপাশি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের মতো রাষ্ট্রনেতাদেরও উপস্থিত থাকার কথা। ফলে একসঙ্গে একই মঞ্চে বিশ্বের একাধিক রাষ্ট্রপ্রধানের সঙ্গে সাক্ষাতের সুযোগ রয়েছে বাংলার মুখ্যমন্ত্রীর।
সূত্রের খবর, শনিবার দুপুর বা বিকেলের দিকে দিল্লি যেতে পারেন শুভেন্দু অধিকারী। ১২ ও ১৩ সেপ্টেম্বর দিল্লিতে অনুষ্ঠিত হতে চলেছে ১৮তম ব্রিকস শীর্ষ সম্মেলন। এবার সম্মেলনের আয়োজক ভারত। উদ্বোধনের পর প্রথম দিনের কর্মসূচি শেষ হলে রাষ্ট্রপতি ভবনে বিদেশি অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীকে। সেই আমন্ত্রণেই দিল্লি যাচ্ছেন শুভেন্দু।

তবে জানা গিয়েছে, দিল্লির কর্মসূচি শেষ করেই মুম্বাই যাওয়ার সম্ভাবনা রয়েছে শুভেন্দু অধিকারীর। সেখানে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির সঙ্গে তাঁর বৈঠকের সম্ভাবনা রয়েছে। রাজ্যে বড় বিনিয়োগ টানতে এবং শিল্পায়নের গতি বাড়ানোর লক্ষ্যেই এই বৈঠক বলে মনে করা হচ্ছে। শুভেন্দুও জানিয়েছেন, পশ্চিমবঙ্গের উন্নয়নে বড় জাতীয় ও আন্তর্জাতিক কর্পোরেট সংস্থাগুলির আরও বেশি করে অংশগ্রহণ চাইছে তাঁর সরকার। তাঁর কথায়, বিনিয়োগ বাড়লে রাজ্যের অর্থনৈতিক কর্মকাণ্ড ও রাজস্বের পরিধি বাড়বে। সেই অর্থ শিক্ষা, স্বাস্থ্য এবং পরিকাঠামো ক্ষেত্রে কাজে লাগানো সম্ভব হবে।

শুভেন্দুর শিল্প সংক্রান্ত বার্তার তালিকায় রয়েছে আদানি গোষ্ঠীর প্রস্তাবিত হাসপাতালও। আগামী ২৪ সেপ্টেম্বর নিউ টাউনে ২,০০০ শয্যার হাসপাতালটির ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর থাকার কথা। গৌতম আদানিও সেখানে উপস্থিত থাকতে পারেন। প্রস্তাবিত হাসপাতালের অর্ধেক শয্যা অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য রাখা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি পূর্ব মেদিনীপুরের জুনপুটে প্রতিরক্ষা প্রকল্প আনার উদ্যোগের কথাও জানিয়েছেন তিনি। তাঁর দাবি, প্রকল্পটি নিয়ে ডিআরডিওর পাঠানো চিঠির জবাব দিয়েছে বর্তমান সরকার। দেশের অস্ত্র ব্যবস্থা পরীক্ষার জন্য সেখানে একটি কেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

এদিকে হলদিয়া পেট্রোকেমিক্যালসের ৬,০০০ কোটি টাকার সম্প্রসারণ প্রকল্পের কাজ শেষ হয়েছে। দুর্গাপুজোর আগেই সেটির উদ্বোধন করা হবে বলেও জানিয়েছেন শুভেন্দু। সব মিলিয়ে ব্রিকসের আন্তর্জাতিক মঞ্চ থেকে মুম্বাইয়ের কর্পোরেট বৈঠক—মুখ্যমন্ত্রীর দিল্লি সফরকে ঘিরে শিল্প ও বিনিয়োগের বার্তাই সামনে রাখতে চাইছে রাজ্য সরকার।

---Advertisement---

No comments to show.

Leave a Comment