দিল্লি বিক্ষোভের মাঝেই তামিলনাড়ু সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার চেন্নাইয়ে মেট্রোর ফেজ ২-র পুনামাল্লি বাইপাস-ভাদাপালানি অংশের উদ্বোধন করলেন তিনি। ১৫ কিলোমিটারের এই মেট্রো রুটে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয়ের সঙ্গে সফরও করেন প্রধানমন্ত্রী মোদি। পরুর বাইপাস থেকে পুনামাল্লি পর্যন্ত সফর করেন তাঁরা।
সরকারি সূত্রে জানা গিয়েছে, ১৫ কিলোমিটার দৈর্ঘ্য এই মেট্রো রুট তৈরিতে খরচ পড়েছে ৪৯০০ কোটি টাকা। যাত্রাপথে পড়বে ১১টি স্টেশন। পুরো মেট্রো রুটের মধ্যে ৩.৭ কিমি রাস্তায় রয়েছে ‘ডবল ডেকার স্ট্রাকচার’। ড্রাইভারলেস অপারেশনের জন্য উন্নত সিগন্যালিং। এই রুটে মেট্রো চালুর জেরে চেন্নাইয়ের পশ্চিম শহরতলির সঙ্গে মূল শহরের যোগাযোগ আরও সহজ হবে। আগামী সোমবার থেকে এই রুটে নিয়মিত যাত্রী পরিষেবা শুরু হবে বলে জানানো হয়েছে।
রবিবার এই মেট্রো উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রী নিজে টিকিট কেটে স্টেশনে প্রবেশ করেন। তাঁর সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী বিজয়। তাঁদের স্বাগত জানাতে উপস্থিত ছিলেন ৫০০ ভারতনাট্যম শিল্পী। এরপর পরুর বাইপাস স্টেশন থেকে পুনামাল্লি পর্যন্ত মুখ্যমন্ত্রীর সঙ্গে সফর করেন প্রধানমন্ত্রী। উপস্থিত ছিলেন অন্যান্য আধিকারিকরাও। তবে শুধু মেট্রো প্রকল্পের উদ্বোধন নয়। এই সফরে প্রধানমন্ত্রী ১৩ হাজার কোটি টাকার বেশি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।
এর মধ্যে রয়েছে ৩,৭০০ কোটির জাতীয় সড়ক প্রকল্প, ৭৫০ কোটির রেল প্রকল্প, আইআইটি মাদ্রাজে সুধা গোপালকৃষ্ণন ব্রেন সেন্টার। পরে জলকণ্ডেশ্বর মন্দিরে পুজো ও একটি স্কুলের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানেও যোগ দেবেন দেশের প্রধানমন্ত্রী।
Leave a Comment