---Advertisement---

এক বছর ‘শান্তি বজায় রাখার’ শর্তে মুক্তি পেলেন ককরোচ নেতা দীপকে

By Suman Debnath

October 11, 2026 5:52 PM

এক বছর ‘শান্তি বজায় রাখার’ শর্তে মুক্তি পেলেন ককরোচ নেতা দীপকে

---Advertisement---

ভারতের প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন ঘিরে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ তিন শীর্ষ নেতাকে শর্তসাপেক্ষে মুক্তি দিয়েছেন দিল্লির একটি আদালত।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি লিখেছে, আগামী এক বছর কোনো ধরনের ‘শান্তি ভঙ্গ করবেন না’, এমন মুচলেকায় রোববার সকালে আদালত তাদের মুক্তির আদেশ দেন।

শনিবার মুম্বাই থেকে আকাশপথে দিল্লি এসে পৌঁছানোর পর বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকেই সিজেপির তিন শীর্ষ নেতা অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কারাকে আটক করে নিয়ে যায় দিল্লি পুলিশ।

রোববার সকালে তাদের দিল্লি ক্যান্টনমেন্ট নির্বাহী হাকিম আদালতে হাজির করা হলে এই মুক্তির আদেশ আসে।

এর আগে, শনিবার গভীর রাতে মোদী সরকারের কড়া সমালোচক জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠীকে ছেড়ে দেয় পুলিশ। সিজেপির শনিবারের বিক্ষোভ সমাবেশে যোগ দিতে আসা রাঠীকেও আটক করেছিল পুলিশ। এ সমাবেশকে কেন্দ্র করে আন্দোলনকারী ও রাজনীতিবিদসহ তিন হাজারের বেশি মানুষকে আটক করেছিল দিল্লি পুলিশ।

আদালত থেকে শর্তসাপেক্ষ মুক্তি পাওয়ার পর আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন সিজেপি নেতারা।

বোস্টন বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী অভিজিৎ দীপকের নেতৃত্বে গঠিত তরুণদের সংগঠন সিজেপি জানায়, দেশজুড়ে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ পড়া এবং কারচুপির ‘প্রকৃত জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত’ তাদের লড়াই চলবে।

শান্তিপূর্ণ সমাবেশ রুখতে মোদী সরকার রাজধানীজুড়ে ‘অঘোষিত জরুরি অবস্থা’ জারি করেছে বলে অভিযোগ করেন তারা।

এর আগে নিট পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে আন্দোলন গড়ে তুলে তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগে বাধ্য করার মধ্য দিয়ে রাতারাতি আলোচনায় এসেছিল সিজেপি ও এর নেতা অভিজিৎ দীপকে।

এদিকে, শনিবার পুলিশি বিধিনিষেধের দোহাই দিয়ে দিল্লির পুরো মেট্রো ও ট্রেন পরিষেবা বন্ধ করে দেওয়ার ঘটনায় দিল্লি সুপ্রিম কোর্টে আদালত অবমাননার আবেদনের এক বিশেষ শুনানি হতে যাচ্ছে।

এর আগে শুক্রবার ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার সমন্বয়ে গঠিত বেঞ্চ নির্দেশ দিয়েছিলেন, বিক্ষোভের কারণে কোনো অবস্থাতেই মেট্রো চলাচল পুরোপুরি বন্ধ করা যাবে না। আদালতের সেই সুস্পষ্ট নির্দেশনা অমান্য করায় এই শুনানি অনুষ্ঠিত হচ্ছে।

রোববার সকাল থেকে অবশ্য দিল্লিতে মেট্রো চলাচল স্বাভাবিক রয়েছে, তবে সব স্টেশনের প্রবেশপথে ব্যাপক পুলিশি পাহারা ও আটকদের তোলার জন্য বাস প্রস্তুত রাখা হয়েছে।

সিজেপির এই বিক্ষোভের পেছনে বিরোধী রাজনৈতিক দলগুলোর উসকানি রয়েছে বলে দাবি করেছে ক্ষমতাসীন বিজেপি।

বিজেপি প্রধান নিতিন নবীন অভিযোগ করে বলেছেন, “বিদেশি শক্তির প্রেসক্রিপশনে দেশকে অস্থিতিশীল করতে বিরোধী জোট তরুণদের ঢাল হিসেবে ব্যবহার করছে।”

তবে সরকারের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং বলেছেন, “গণতন্ত্রে প্রত্যেকের ভিন্নমত প্রকাশের অধিকার রয়েছে। কিন্তু বিশৃঙ্খলা ছড়ানো কারও অধিকার হতে পারে না।”

তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, “জেনারেশন জেড বা জেন-জি সাময়িকভাবে বিভ্রান্ত হতে পারে, তবে তাদের দেশ গড়ার মূল লক্ষ্য থেকে স্থায়ীভাবে দূরে সরানো যাবে না।”

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment