নয়াদিল্লি, ১১ অক্টোবর: ‘আমি বিদেশের নাগরিক নয়, আমি ভারতীয়’। নিজের পাসপোর্ট উঁচিয়ে ভারতীয় নাগরিকত্বের প্রমান দিলেন দিলেন ইউটিউবার ধ্রুব রাঠি। পুলিশের হেফাজত থেকে মুক্তি পেয়েই দিল্লিতে নিজের আটকের ঘটনা নিয়ে সরব হলেন তিনি। তাঁর অভিযোগ, ‘পুলিশি পদক্ষেপের নামে আমাকে যেভাবে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়েছিল তাকে আটক বা গ্রেপ্তার কোনোটাই বলা চলেনা। এক কথায় বলতে গেলে আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল।’
উল্লেখ্য, শনিবার দিল্লিতে যন্তর-মন্তরে বিক্ষোভ কর্মসূচির আগে গুরুগ্রামের বাড়ি থেকে ধ্রুব রাঠিকে আটক করে পুলিশ। পরে অবশ্য তাকে শনিবার রাতে ছেড়েও দেওয়া হয়। আজ রবিবার নিজের ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তায় তিনি বলেন, তাঁকে আটক করতে এলে পুলিশের পরিচয় স্পষ্ট থাকা উচিত ছিল। তাঁর অভিযোগ, সাধারণ পোশাকে ২০ থেকে ২২ জন ব্যক্তি তাঁর বাড়িতে এসে ঘুম না ভাঙতেই কিছু বুঝে উঠবার আগেই তাঁকে জোর করে নিয়ে যান। সেই সময় তাঁর ফোনও কেড়ে নেওয়া হয়। এই ঘটনার বর্ণনা দিতে গিয়ে ধ্রুব বলেন, তাঁর সঙ্গে যা হয়েছে, তাকে আটক বা গ্রেপ্তার না বলে অপহরণ বলাই যথাযথ।
এদিকে, ধ্রুবের নাগরিকত্ব নিয়েও গত কয়েক দিন ধরে সমাজমাধ্যমে বিতর্ক চলছিল। একাংশের দাবি ছিল, তিনি ভারতীয় নাগরিক নন, জার্মানিতে বসবাস করেন এবং সেই দেশের নাগরিক। সেই সূত্র ধরেই প্রশ্ন তোলা হয়, পর্যটক ভিসায় ভারতে এসে তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারেন কি না। তবে নিজের পাসপোর্ট আজ সবার সামনে এনে এই বিতর্কের জবাব দেন ধ্রুব। তাঁর বক্তব্য, তিনি ভারতীয় নাগরিক। ফলে তাঁকে ঘিরে নাগরিকত্ব সংক্রান্ত যে দাবি ছড়ানো হচ্ছিল তা সম্পূর্ণ মিথ্যা ও অযৌক্তিক।
Leave a Comment