পরিবারের সঙ্গে সময় কাটান, দিওয়ালি পর্যন্ত বিক্ষোভ স্থগিতের নির্দেশ ‘ককরোচ’ নেতা দীপকের!

By Suman Debnath

October 21, 2026 11:00 AM

পরিবারের সঙ্গে সময় কাটান, দিওয়ালি পর্যন্ত বিক্ষোভ স্থগিতের নির্দেশ ‘ককরোচ’ নেতা দীপকের!

কয়েক দিনের রাজনৈতিক উত্তেজনার আবহে সমর্থকদের দিওয়ালি পর্যন্ত সমস্ত ধরনের প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি স্থগিত রাখার নির্দেশ দিলেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপক। আন্দোলনে সাময়িক বিরতি নিয়ে পরিবার ও প্রিয়জনদের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন তিনি। তবে যন্তর মন্তরে বিক্ষোভের ঘটনায় দলের দুই সহকর্মী সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা বিচারবিভাগীয় হেফাজতে থাকায় উদ্বেগও প্রকাশ করেছেন দীপক।

মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি লাইভ সম্প্রচারে দীপক জানান, সহকর্মীদের প্রতি তাঁর আবেগ ও ভালোবাসা নিয়ে অনেকে কটাক্ষ করতে পারেন। কিন্তু সৌরভ ও আশুতোষ তাঁর কাছে পরিবারের সদস্যদের মতো।তাঁদের কঠিন পরিস্থিতির কথা ভেবেই তিনি মানসিকভাবে উদ্বিগ্ন বলে জানান।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর)-এর প্রতিবাদে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভের ডাক দিয়েছিল সিজেপি-সহ একাধিক বিরোধী দল। সেই কর্মসূচি চলাকালীন গত ১৩ অক্টোবর দিল্লি পুলিশ দলের দুই গুরুত্বপূর্ণ মুখ সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেপ্তার করে। পরে তাঁদের তিহার জেলে পাঠানো হয় এবং বিচারবিভাগীয় হেফাজতের মেয়াদ বাড়ানো হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুন:  ‘কর্মই ধর্ম, উই উইল ডু ইট’, নিজের ২৫ বছরের যাত্রায় বার্তা দিলেন প্রধানমন্ত্রী

সহকর্মীদের এই পরিস্থিতিতে সমর্থকদের মনোবল ধরে রাখার আহ্বান জানিয়েছেন দীপক।তাঁর বক্তব্য, সৌরভ ও আশুতোষের ত্যাগ বৃথা যাবে না। তবে আন্দোলনের জেরে সমর্থকদের পরিবারের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। সেই কারণেই দিওয়ালি পর্যন্ত বিক্ষোভ স্থগিত রেখে সবাইকে পরিবারের সঙ্গে সময় কাটানোর পরামর্শ দিয়েছেন তিনি।

সৌরভ ও আশুতোষের আন্দোলনকে মহাত্মা গান্ধীর অহিংসার আদর্শের সঙ্গে তুলনা করে দীপক বলেন, প্রকৃত শক্তি ত্যাগের মধ্যেই নিহিত। তাঁর আশা, সমস্ত বাধা পেরিয়ে দুই সহকর্মী হাসিমুখে মুক্ত হয়ে ফিরে এলে গোটা দেশ তাঁদের সম্মান জানাবে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment