প্রায় আড়াই বছর পর অবশেষে দিল্লি মহিলা কমিশন (ডিসিডব্লিউ) পেল নতুন চেয়ারপার্সন। বিজেপি নেত্রী লতা গুপ্তকে কমিশনের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করেছে দিল্লি সরকার। রবিবার মুখ্যমন্ত্রীর দফতরের তরফে সমাজমাধ্যম এক্সে এই ঘোষণা করা হয়েছে।
২০২৪ সালের জানুয়ারিতে তৎকালীন চেয়ারপার্সন তথা আম আদমি পার্টির নেত্রী স্বাতী মালিওয়াল পদত্যাগ করার পর থেকেই পদটি শূন্য ছিল। দীর্ঘ দু’বছরেরও বেশি সময় পরে সেই শূন্যস্থান পূরণ করল রেখা গুপ্তের নেতৃত্বাধীন দিল্লি সরকার।
লতা গুপ্তের পাশাপাশি মহিলা কমিশনের পাঁচ জন নতুন সদস্যের নামও ঘোষণা করা হয়েছে। তাঁরা হলেন শ্যাম বালা, মালতি বর্মা, লতা সোধি, সানরিকা শর্মা ঝা এবং রেনু ভাল্লা।দিল্লি সরকারের এই সিদ্ধান্তের ফলে দীর্ঘদিন ধরে শূন্য থাকা কমিশনের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হল বলে প্রশাসনিক মহলের একাংশের মত। মহিলাদের সুরক্ষা, অভিযোগের নিষ্পত্তি এবং তাঁদের অধিকার রক্ষার বিভিন্ন বিষয়ে কমিশনের কাজ আরও গতি পাবে বলেই আশা করা হচ্ছে।
এর আগে দিল্লিতে মহিলা কমিশনের চেয়ারপার্সন ছিলেন স্বাতী মালিওয়াল। তিনি ২০১৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত এই পদে দায়িত্ব পালন করেছেন এবং পরবর্তীতে রাজ্যসভার সাংসদ নির্বাচিত হন। স্বাতী মালিওয়াল সমাজকর্মী হিসাবেই তাঁর কেরিয়ার শুরু করেছিলেন। তারপর আইনজীবী হিসাবে মহিলাদের অধিকার রক্ষা ও সমাজের বিভিন্ন জ্বলন্ত ইস্যু নিয়ে তাঁকে সক্রিয়ভাবে লড়াই করতে দেখা গিয়েছিল। মহিলাদের উপর অত্যাচারের বিরুদ্ধে এবং লিঙ্গ বৈষম্যের বিরুদ্ধে একাধিক আন্দোলনেও তাঁকে দেখা গিয়েছিল। পরবর্তীতে আপ নেতা অরবিন্দ কেজরিওয়াল সহ একাধিক নেতাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন তিনি।
Leave a Comment