মুম্বই: ২০০৮ সালের ২৬ নভেম্বর। সমুদ্রপথে মুম্বইয়ে ঢুকে একের পর এক জায়গায় হামলা চালিয়েছিল ১০ জন সশস্ত্র জঙ্গি। টানা প্রায় ৬০ ঘণ্টার সেই রক্তক্ষয়ী অভিযানে প্রাণ হারিয়েছিলেন ১৬৬ জন, আহত হয়েছিলেন ৩০০-রও বেশি মানুষ। ভারতের ইতিহাসে অন্যতম ভয়াবহ জঙ্গি হামলা ২৬/১১ মুম্বই হামলার (26/11 Mumbai Terror Attack) ১৮ বছর পূর্ণ হল বৃহস্পতিবার। বর্ষপূর্তিতে নিহতদের স্মরণ করে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের ‘জিরো টলারেন্স’ নীতির কথা জানালেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর (S. Jaishankar)। পাশাপাশি ফিরে দেখা হচ্ছে, সেই হামলার পর দেশের নিরাপত্তা ও সন্ত্রাসদমন ব্যবস্থায় কতটা পরিবর্তন এসেছে।
বৃহস্পতিবার সমাজমাধ্যমে একটি বার্তায় জয়শঙ্কর ২৬/১১ হামলায় নিহত সাধারণ নাগরিকদের স্মরণ করেন। শ্রদ্ধা জানান জঙ্গিদের মোকাবিলা করতে গিয়ে প্রাণ দেওয়া নিরাপত্তাকর্মীদেরও। তাঁর বক্তব্য, সন্ত্রাসবাদের সমস্ত রূপের বিরুদ্ধে লড়াই এবং হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার বিষয়ে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।
২০০৮ সালের সেই হামলা শুধু মুম্বই নয়, গোটা দেশের নিরাপত্তা ব্যবস্থাকে নাড়িয়ে দিয়েছিল। ১০ জন জঙ্গি সমুদ্রপথে শহরে ঢুকে তাজমহল প্যালেস হোটেল, ওবেরয়-ট্রাইডেন্ট হোটেল, ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, নারিম্যান হাউস, কামা হাসপাতাল এবং লিওপোল্ড ক্যাফের মতো গুরুত্বপূর্ণ জায়গায় হামলা চালায়।
টানা কয়েক দিন ধরে চলে নিরাপত্তা বাহিনীর অভিযান। মুম্বই পুলিশ, নৌবাহিনীর মেরিন কমান্ডো এবং জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনী (National Security Guard বা NSG) যৌথভাবে পরিস্থিতি সামাল দেয়। ৯ জন হামলাকারী নিহত হয়। জীবিত ধরা পড়ে একমাত্র জঙ্গি আজমল কাসব। ২০১২ সালের ২১ নভেম্বর পুনের ইয়েরওয়াড়া জেলে তার ফাঁসি কার্যকর করা হয়।
হামলার পর দেশের নিরাপত্তা ব্যবস্থায় সবচেয়ে বড় পরিবর্তনগুলির একটি ছিল জাতীয় তদন্তকারী সংস্থা (National Investigation Agency বা NIA) গঠন। ২০০৮ সালের NIA আইনের ভিত্তিতে এই সংস্থা তৈরি হয়। সন্ত্রাসবাদ সংক্রান্ত মামলার তদন্ত ও বিচারপ্রক্রিয়াকে আরও সুসংহত করাই ছিল এর অন্যতম উদ্দেশ্য। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে NIA-র ২১টি শাখা কার্যালয় রয়েছে।
বদল আসে উপকূলীয় নিরাপত্তাতেও। ভারতীয় নৌবাহিনীকে সামুদ্রিক নিরাপত্তার প্রধান দায়িত্ব দেওয়া হয়। উপকূলরক্ষী বাহিনী (Indian Coast Guard) এবং সামুদ্রিক পুলিশের মধ্যে সমন্বয় বাড়ানো হয়। উপকূল নজরদারির জন্য রাডার, Automatic Identification System (AIS), ক্যামেরা এবং জাহাজ শনাক্তকরণ প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে।
জঙ্গি হামলার দ্রুত মোকাবিলায় জাতীয় নিরাপত্তা রক্ষী বাহিনীর চারটি আঞ্চলিক হাব তৈরি করা হয় মুম্বই, কলকাতা, চেন্নাই ও হায়দরাবাদে। পরে গুজরাতের গান্ধীনগরেও একটি হাব তৈরি হয়। পাশাপাশি গোয়েন্দা তথ্য আদানপ্রদানের জন্য মাল্টি এজেন্সি সেন্টার (Multi Agency Centre বা MAC)-এর কার্যকারিতা বাড়ানো হয়।
২০২৬ সালে নতুন সন্ত্রাসদমন নীতি PRAHAAR
নিরাপত্তা ব্যবস্থার সাম্প্রতিক পরিবর্তনের মধ্যে অন্যতম ২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রকাশিত জাতীয় সন্ত্রাসদমন নীতি ও কৌশল ‘PRAHAAR’। এটি ভারতের প্রথম পূর্ণাঙ্গ জাতীয় সন্ত্রাসদমন নীতি ও কৌশল।
এই নীতিতে সাতটি বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে—জঙ্গি হামলা প্রতিরোধ, দ্রুত ও উপযুক্ত প্রত্যুত্তর, কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা সংস্থাগুলির মধ্যে সমন্বয়, আইনের শাসন ও মানবাধিকার বজায় রাখা, উগ্রপন্থার বিস্তার রোধ, আন্তর্জাতিক সহযোগিতা এবং হামলার পর পুনরুদ্ধার ও সামাজিক প্রতিরোধক্ষমতা বৃদ্ধি।
তবে নিরাপত্তা ব্যবস্থায় এই পরিবর্তনগুলিকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে চূড়ান্ত জয় হিসেবে দেখার অবকাশ নেই। দ্য ডিপ্লোম্যাট-এ প্রকাশিত ২৬/১১-র ১৮ বছর পূর্তির একটি বিশ্লেষণেও বলা হয়েছে, সাম্প্রতিক বছরগুলিতে ভারতের সন্ত্রাসদমন কৌশলে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে ঠিকই, কিন্তু সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই শেষ হয়ে গিয়েছে, এমন সিদ্ধান্তে পৌঁছনোর সময় এখনও আসেনি।
১৮ বছর পেরিয়ে গেলেও ২৬/১১-র স্মৃতি মুছে যায়নি। নিহতদের পরিবারের কাছে এই দিন হারানোর বেদনা ফিরে আসার দিন। আর দেশের কাছে এটি উপকূলীয় নিরাপত্তা, গোয়েন্দা তৎপরতা এবং সন্ত্রাসদমন ব্যবস্থার প্রস্তুতি কতটা জরুরি, তা মনে করিয়ে দেওয়ার দিন।
Leave a Comment