রুপালি পর্দার পাশাপাশি আবাসন খাতেও বড় অঙ্কের মুনাফা তুলছেন বলিউড তারকারা। সেই তালিকায় এবার আলোচনায় এসেছেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। সম্প্রতি মুম্বাইয়ের অভিজাত আন্ধেরি পশ্চিমে প্রায় ১৮ বছর আগে কেনা একটি বাণিজ্যিক সম্পত্তি মোটা অঙ্কের লাভে বিক্রি করেছেন তিনি।
চলতি বছরের জুনে নেটফ্লিক্সে মুক্তি পায় মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমা ‘মা বহেন’। সমালোচকদের প্রশংসা পেলেও ছবিটি বাণিজ্যিকভাবে প্রত্যাশিত সাফল্য পায়নি। নতুন কোনো চলচ্চিত্রের ঘোষণাও এখনও আসেনি। তবে অভিনয়ে কিছুটা নীরবতার মধ্যেই রিয়েল এস্টেট খাতে লাভজনক এক চুক্তি করে আলোচনায় এসেছেন এই অভিনেত্রী।
রিয়েল এস্টেট অ্যানালিটিক্স প্রতিষ্ঠান ‘সিআরই ম্যাট্রিক্স’-এর তথ্য অনুযায়ী, প্রায় ১৮ বছর আগে মুম্বাইয়ের আন্ধেরি পশ্চিমে ১ হাজার ৫৯৪.২৪ বর্গফুটের একটি অফিস ৫২ লাখ ৫০ হাজার রুপিতে কিনেছিলেন মাধুরী। অফিসটির সঙ্গে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। সম্প্রতি সম্পত্তিটি কয়েক গুণ বেশি দামে কিনে নিয়েছে ‘ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড’।
ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্পত্তি হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৩০ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি পরিশোধ করা হয়েছে।
রিয়েল এস্টেটে মাধুরী দীক্ষিত ও তার স্বামী ডা. শ্রীরাম নেনের বিনিয়োগ অবশ্য নতুন নয়। এর আগেও সম্পত্তি লিজ দেওয়া এবং যৌথ মালিকানাধীন সম্পত্তি বিক্রি করে উল্লেখযোগ্য মুনাফা করেছেন এই তারকা দম্পতি।
চলতি বছরের মার্চে মুম্বাইয়ের লোয়ার প্যারেলের ‘ওয়ান লোধা প্যালেস’-এ ৭৩১ বর্গফুটের একটি অফিস পাঁচ বছরের জন্য লিজ নেন মাধুরী। এর আগে, ২০২৫ সালের ডিসেম্বরে জুহু এলাকায় তাদের মালিকানাধীন একটি ফ্ল্যাট ৩ কোটি ৯০ লাখ রুপিতে বিক্রি করেছিলেন এই দম্পতি।
আমার বাঙলা/ রাব্বি
Leave a Comment