রাজধানীর মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয় ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় পুলিশের কোনো অবহেলা বা গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার কথা জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ উদ্দিন আহমদ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানিয়েছেন।
তিনি জানান, এ ধরনের ঘটনা প্রতিরোধ করা পুলিশের দায়িত্বের মধ্যে পড়ে। ঘটনার সময় পুলিশের কোনো অবহেলা ছিল কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।
ঘটনাটি গভীর রাতে ঘটেছে। পুলিশ খবর পাওয়ার পর সময়মতো ঘটনাস্থলে পৌঁছেছিল কি না এবং দায়িত্ব পালনে কোনো গাফিলতি ছিল কি না, তা যাচাই করা হচ্ছে।
বৃহস্পতিবার মধ্যরাতে মিরপুরে রাড্ডা এমসিএইচের কার্যালয়ে ভাঙচুর হয়। আজ এই গুঁড়িয়ে দেওয়া ভবনের সামনে ত্রিপল টানিয়ে হামের টিকাদান চলে।
এ ঘটনায় দারুসসালাম জোনের অতিরিক্ত উপ-কমিশনার সালেহ মুহম্মদ জাকারিয়াকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রতিবেদনে পুলিশের কোনো সদস্যের অবহেলা বা গাফিলতি প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার।
ঘটনাস্থল পরিদর্শনের পর পুলিশ জানান, তার কাছে মনে হয়েছে, আধা ঘণ্টা বা এক ঘণ্টার মধ্যে এভাবে ভাঙচুর করা সম্ভব নয়। এ জন্য কিছুটা সময় নিয়ে ভাঙচুর চালানো হয়েছে বলে ধারণা করছেন তিনি।
উপ-কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া নিয়ে বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে। মামলায় নাম উল্লেখ থাকা আরও একজনকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।
এ ভাঙচুরের ঘটনায় রাজনৈতিক কোনো প্রভাব আছে কি না এমন প্রশ্নে তিনি জানান, পুলিশ কোনো রাজনৈতিক দল বা মত বিবেচনা করবে না; অপরাধীকে আইনের আওতায় আনাই তাদের লক্ষ্য। কোনো ধরনের বেআইনি কার্যক্রম বা দখল কেউ করতে পারবে না।
Leave a Comment