---Advertisement---

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

By Suman Debnath

July 30, 2026 3:20 PM

বিকাশের ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ২

---Advertisement---


সাভারের আশুলিয়ায় নায়ফা ট্রেড বিডি নামের একটি প্রতিষ্ঠানের বিকাশের ইলেকট্রনিক অর্থ (ই-মানি) থেকে ২ কোটি ৩৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদে ৭২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে।


আত্মসাৎ হওয়া বাকি ১ কোটি ৬৩ লাখ টাকা উদ্ধারের জন্য গ্রেপ্তারকৃতদের ফের সাত দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম।


গ্রেপ্তারকৃতরা হলেন—নায়ফা ট্রেড বিডির অ্যাকাউন্টস ম্যানেজার মো. আল আমিন (২১) এবং নায়ফা ট্রেড বিডি আশুলিয়ার অ্যাকাউন্টস ম্যানেজার ইউসুফ রায়হান (২৪)।


পুলিশ জানায়, আল আমিন ২০২২ সালের ২০ মে থেকে নায়ফা ট্রেড বিডির অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে কর্মরত রয়েছেন। আর ইউসুফ রায়হান ২০২৪ সালের ২৩ সেপ্টেম্বর থেকে নায়ফা ট্রেড বিডি-আশুলিয়া শাখায় অ্যাকাউন্টস ম্যানেজারের দায়িত্ব পালন করছেন।

আরও পড়ুন:  ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার


মামলার বাদী নায়ফা ট্রেড বিডি ও নায়ফা ট্রেড বিডি আশুলিয়ার সহকারী জেনারেল ম্যানেজার জানান, গত ২৪ জুলাই রাত সাড়ে ৮টার দিকে আল আমিন বিকাশ লেনদেনের কাজে ব্যবহৃত ঢাকা ব্যাংকের একটি হিসাব থেকে ই-মানি উত্তোলনের জন্য প্রধান কার্যালয়ের সিনিয়র অ্যাকাউন্টস জেনারেল ম্যানেজারের কাছে ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) চান।


তিনি সরল বিশ্বাসে ওটিপি দিয়ে দেন। পরে অফিস বন্ধ হওয়ার পর ওটিপি চাওয়ায় সন্দেহ হলে বিষয়টি প্রতিষ্ঠানের মহাব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানান। এরপর প্রতিষ্ঠানের কর্মকর্তারা রাত সাড়ে নয়টার দিকে আশুলিয়ার জামগড়া বঙ্গ মার্কেট এলাকায় ইউসুফ রায়হানকে জিজ্ঞাসাবাদ করেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে রাত ১০টার দিকে ফ্যান্টাসি কিংডমের পেছনের চিত্রশাইল-কাঠালতলা এলাকা থেকে আল আমিনকে আটক করা হয়। পরে তাঁদের অফিসে এনে হিসাব-নিকাশ যাচাই করা হয়।

আরও পড়ুন:  ড্রোন হামলায় রাশিয়ায় ৮ শ্রমিক নিহত


নায়ফা ট্রেড বিডি’র এজিএম ইফরান জানান, প্রতিষ্ঠানের দুই কর্মকর্তা প্রতারণার মাধ্যমে বিকাশের ই-মানি হিসেবে ২ কোটি ৩৫ লাখ টাকা উত্তোলন করে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। বিষয়টি জানতে পেরে পুলিশকে জানানো হলে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।


আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, আত্মসাৎ হওয়া বাকি ১ কোটি ৬৩ লাখ টাকার সন্ধানে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আরও কেউ জড়িত কি না, সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment