আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। ১৫ আগস্ট নেদারল্যান্ডস ও বেলজিয়ামে শুরু হচ্ছে এফআইএইচ পুরুষদের হকি বিশ্বকাপ। তার আগে ভারতীয় দলের সামনে একটাই লক্ষ্য— ৫১ বছরের বিশ্বকাপ খরা কাটিয়ে আবার পদক জেতা। সেই লক্ষ্য নিয়েই আশাবাদী ভারতের প্রধান কোচ ক্রেগ ফুলটন। তাঁর বিশ্বাস, সঠিক সময়ে সেরা খেলাটা খেলতে পারলে বিশ্বের যে কোনও দলকেই হারাতে পারে হরমনপ্রীত সিংয়ের ভারত।
ভারত আটবারের অলিম্পিক চ্যাম্পিয়ন হলেও হকি বিশ্বকাপে শেষবার পদক জিতেছিল ১৯৭৫ সালে। সেবার অজিত পাল সিংয়ের নেতৃত্বে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল ভারত। তারপর কেটে গিয়েছে ৫১ বছর। সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটাতেই মরিয়া ফুলটন।
ভারতের কোচ বলেন, ‘১৯৭৫ সালে শেষবার আমরা বিশ্বকাপ জিতেছিলাম। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পুরো টুর্নামেন্টে ধারাবাহিকতা বজায় রাখা। সেই ধারাবাহিকতাই এশিয়ান গেমসেও নিয়ে যেতে চাই। কারণ, এশিয়ান গেমস জেতাও আমাদের অন্যতম প্রধান লক্ষ্য’।
তিনি আরও বলেন, ‘আমরা এই সুযোগ নিয়ে ভীষণ উৎসাহিত। টুর্নামেন্ট হকিতে আসল ব্যাপার হল সঠিক সময়ে নিজের সেরা খেলাটা খেলা। দলের প্রতিটি বিভাগকে শক্তিশালী হতে হবে। প্যারিস অলিম্পিকে আমরা দেখিয়েছি, অভিজ্ঞ ও তরুণদের মিশেলে ভালো দল গড়া সম্ভব। আমাদের ভালো সুযোগ রয়েছে এবং যেদিন নিজেদের সেরা খেলব, সেদিন যে কোনও দলকে হারাতে পারি’।
ভারতীয় হকির ঐতিহ্যের কথা উল্লেখ করে ফুলটন বলেন, ‘ভারতীয় হকির ইতিহাস সম্পর্কে আমি পুরোপুরি সচেতন। একই সঙ্গে এটাও জানি যে বিশ্বকাপে অনেক দিন ধরে আমাদের ফল ভালো হয়নি। আমরা সেটা বদলাতে চাই। ভারতীয় হকির ইতিহাসে নিজেদের নতুন অধ্যায় লিখতে চাই’।
বিশ্বকাপে ভারত রয়েছে পুল ‘ডি’-তে। প্রতিপক্ষ ওয়েলস, ইংল্যান্ড এবং চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। তাই শুরু থেকেই ছন্দে থাকার উপর জোর দিয়েছেন ফুলটন। তাঁর কথায়, ‘আমাদের গ্রুপ কঠিন। প্রথম ম্যাচে ওয়েলসের বিরুদ্ধে ভালো শুরু করতে হবে। তারপর ধাপে ধাপে ছন্দ তৈরি করে টুর্নামেন্টের শেষ দিকে পৌঁছে নিজেদের সেরা হকি খেলতে হবে’।
বিশ্বকাপের মাত্র তিন সপ্তাহ পরেই রয়েছে এশিয়ান গেমস, যা ২০২৮ লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের যোগ্যতা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ। তাই দুই প্রতিযোগিতাকেই সমান গুরুত্ব দিচ্ছেন ভারতীয় কোচ।
ফুলটন বলেন, ‘আদর্শ লক্ষ্য হল আমরা যে টুর্নামেন্টে খেলব, সেটাই জেতা। কিন্তু বাস্তব পরিস্থিতিও বুঝতে হবে। বিশ্বের অষ্টম স্থানে থাকা দল হিসেবে পরিসংখ্যান হয়তো আমাদের খুব বেশি সুযোগ দেবে না। তবে র্যাঙ্কিং ম্যাচের আগে নয়, পরে গুরুত্বপূর্ণ। আমরা এশিয়ার এক নম্বর দল বলেই যে সব সময় জিতব, এমন নয়। মৌলিক বিষয়গুলো নিখুঁতভাবে করতে হবে’।
বিশ্বকাপের দলে অভিজ্ঞদের পাশাপাশি যশদীপ সিওয়াচ ও আদিত্য অর্জুন লাগালের মতো তরুণদেরও জায়গা দিয়েছেন ফুলটন। তাঁর মতে, ভবিষ্যতের কথা ভেবেই এই সিদ্ধান্ত। ‘যশদীপ নির্ভরযোগ্য ডিফেন্ডার। আদিত্য দীর্ঘমেয়াদি পরিকল্পনার অংশ। ওর মধ্যে প্রচুর সম্ভাবনা রয়েছে। বড় মঞ্চে খেলার অভিজ্ঞতা অর্জনের জন্যই ওকে সুযোগ দেওয়া হয়েছে’।
১৯ আগস্ট গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে ভারত। ঐতিহ্যবাহী এই দ্বৈরথ নিয়ে ফুলটনের বার্তা, ‘ভারত-পাকিস্তান ম্যাচের আলাদা ইতিহাস আছে। কিন্তু সেই আবেগে ভেসে গেলে চলবে না। আমাদের শুধু ম্যাচে মনোযোগ দিতে হবে’।
Leave a Comment